দ্য ওয়াল ব্যুরোঃ রাজ্যে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে সম্পূর্ণরূপে কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেইমতো শুধুমাত্র কোভিড চিকিৎসার জন্য এই হাসপাতালকে গড়ে তোলা হয়। কিন্তু মাঝেমধ্যেই মেডিক্যাল কলেজের একাধিক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার খবর আসছিল। কিন্তু এবার যা হল তা নজিরবিহীন। একসঙ্গে মেডিক্যাল কলেজের ৩৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় লাটে উঠেছে মেডিক্যাল কলেজের পরিষেবা।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, যে ৩৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বা পিজিটি চিকিৎসক। বাকি ১২ জন ফ্যাকাল্টি অর্থাৎ শিক্ষক চিকিৎসক। তাঁরা প্রত্যেকেই করোনা চিকিৎসায় যুক্ত ছিলেন। এভাবে একসঙ্গে ৩৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় বড় বিপর্যয়ের মুখে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা।
এখনও করোনা চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন অসংখ্য রোগী। তাই দরকার চিকিৎসকদের। কিন্তু এভাবে একসঙ্গে এতজন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার তাঁদের এই মুহূর্তে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে চিকিৎসা কে করবে? এই চিন্তা ভাবাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে।
জানা গিয়েছে, রোগী পরিষেবা যাতে চালু থাকে তার জন্য স্বাস্থ্য দফতরে চিঠি দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি আর্জি জানিয়েছেন, পরিষেবা চালু রাখতে হলে চিকিৎসক দরকার। তাই মেডিক্যাল কলেজে জরুরি ভিত্তিতে যেন চিকিৎসক পাঠানো হয়, এমনটাই আর্জি জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, মেডিক্যাল কলেজের অধ্যক্ষের এই আর্জি মেনে নিয়েছে স্বাস্থ্য ভবন। শিগগির মেডিক্যাল কলেজে চিকিৎসক পাঠানো হবে। স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, মেডিক্যাল কলেজ থেকে চিঠি এসেছে। স্বাস্থ্য ভবনের তরফে চিকিৎসক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
তবে যেভাবে একসঙ্গে ৩৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন, তাতে চিন্তার ছাপ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায়। কারণ, এর আগেও অনেকবার অনেক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যজুড়ে। তার ফলে পরিষেবা ব্যহত হয়েছে। কিন্তু এর আগে কখনওই এক হাসপাতালে একসঙ্গে এতজন আক্রান্ত হননি। তাই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে।