
শেষ আপডেট: 28 August 2023 09:14
দ্য ওয়াল ব্যুরো: ‘বাংলা মগের মুলুক নয়, যে এখানে যা খুশি করা যাবে।‘ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সোজাসাপটা ঠিক এই ভাষাতেই নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সম্প্রতি ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল হয় যাদবপুর। এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর দাবি, বুদ্ধদেববাবু বিজেপির আইটি সেলের সভাপতি! রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আর কোনও রাখ ঢাকের বালাই না করে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তাঁর এক্তিয়ার সম্পর্কে সরাসরি সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। এর ফলে আগামী দিনে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের আবহ আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
নিজের সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে রাজ্যপাল রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছেন বলে বিভিন্ন সময় শাসকদলের তরফে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য নিযোগকে ঘিরে সম্প্রতি তা চরমে পৌঁছয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে গেলে ন্যূনতম ১০ বছর অধ্যাপনা করার অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু রাজ্যপাল তা গ্রাহ্য না করে কেরল থেকে নিজের বন্ধুদের উপাচার্য পদে বসাচ্ছেন। এমনকী এবিষয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত না থাকা কেরালার এক অবসরপ্রাপ্ত আইপিএসকেও এরাজ্যের উপাচার্য করা হয়েছে বলে অভিযোগ।
এদিন সে কথাটাই আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “এখন তো মাথার ওপর একটা ছাতা দঁড়িয়ে গেছে। তিনি তো কোনও নিয়ম মানেন না। কাউকে তোয়াক্কা করেন না। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসেবে তাঁর কার্যকলাপকে সমর্থন করতে পারি না। তিনি সংবিধান উলঙ্ঘিত করছেন।”
শুধু বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ নয়, রাজ্যপাল ছাত্রদের ডেকেও রাজ্য সরকার সম্পর্কে বিরূপ মনোভাব তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন মমতা। তাঁর কথায়, “ইউনিভার্সিটির ছাত্রদের ডেকে বলছেন, দুর্নীতি কি বলতে পার! আরে দুর্নীতি তো সবচেয়ে বেশি আপনারা করেছেন।“ নোটবন্দি থেকে ফরেন ডিল, বেসরকারীকরণের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রক তো দুর্নীতিতে ভরে গেছে। কই, ইডি, সিবিআই তো ওখানে যায় না!”
আরও পড়ুন: এনআইএ পৌঁছে গেল দত্তপুকুরের বিস্ফোরণস্থলে, পুলিশের সঙ্গে কথা বললেন গোয়েন্দারা