
শেষ আপডেট: 11 May 2022 02:43
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের সরকারি কলেজ মোড়ের জওহরলাল নেহেরু সরণির সঙ্গে কোকোওভেন থানা এলাকার বিধান রায় সরণি সংযোগ করে লেনিন সরণি (Lenin Sarani)। আড়াই কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নামকরণ হয়েছিল প্রায় ৪০ বছর আগে। কমিউনিস্ট নেতা লেনিনের নামেই এই রাস্তার নাম রাখা হয়েছিল। কিন্তু সেই নামে এখন বদল আসছে। নাম বদলে দিচ্ছে দুর্গাপুর (Durgapur) নগর নিগম।
আরও পড়ুন: 'অশনি'র বৃষ্টিতে কাকভেজা কলকাতা, সকাল থেকেই বৃষ্টি শুরু শহরতলিতেও
তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর পুরনিগমের দ্বিতীয় বোর্ড এই নামবদল চূড়ান্ত করে ফেলেছে। মেয়র পরিষদের বৈঠকে ঠিক হয়েছে লেনিন সরণির (Lenin Sarani) নাম বদলে রাখা হবে লতা মঙ্গেশকর সরণি। সেই তোড়জোড় চলছে।

শুধু লেনিন সরণি নয়, নাম বদলে ফেলা হচ্ছে দুর্গাপুরের আরও চার রাস্তার। বেঙ্গল অম্বুজা পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ এই চার রাস্তার নাম বদলে রাখা হবে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পীদের নামে। সেইমতো বেঙ্গল অম্বুজা পূর্ব রাস্তার নাম বদলে করা হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সরণি, বেঙ্গল অম্বুজা পশ্চিম রাস্তাটির নতুন নাম হচ্ছে বাপ্পি লাহিড়ী সরণি। বেঙ্গল অম্বুজা উত্তর ও দক্ষিণ রাস্তা দুটির নাম বদলে করা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় সরণি এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সরণি।
লেনিন সরণি রাস্তাটির আমূল সংস্কারও করা হচ্ছে। তার জন্য ইতিমধ্যেই আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা ২৮ কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে। সংস্কারের সঙ্গে সঙ্গে কমিউনিস্ট নেতার নামটাও মুছে ফেলা হবে দুর্গাপুরের রাস্তা থেকে।