দ্য ওয়াল ব্যুরো, সাগরদ্বীপ: বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে না নেওয়ায় স্ত্রীকে সাবানের গুঁড়ো খাইয়ে খুন।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী রাধেশ্যাম মণ্ডল। সাগরদ্বীপ কোস্টাল থানার গঙ্গাসাগর এলাকার ঘটনা।
অনেকদিন ধরেই স্ত্রী স্বর্ণলতার সঙ্গে সাংসারিক অশান্তি চলছিল রাধেশ্যামের। মাঝে মাঝেই স্ত্রীর কাছে টাকা চেয়ে অত্যাচার চালাতো রাধেশ্যাম বলে অভিযোগ।স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্কের কথা জানতে পারায় অশান্তি আরও বেড়ে যায়।নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ককে বজায় রাখতে স্ত্রীয়ের উপর অত্যাচার দ্বিগুন বাড়ায় রাধেশ্যাম বলে অভিযোগ। শনিবার রাতেই স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করে রাধেশ্যাম বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।রবিবার সকাল থেকে স্বর্ণলতার কোনও আওয়াজ না আসায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই সাগরদ্বীপ কোস্টাল থানার পুলিশকে ডাকে।পুলিশ দরজা খুলতেই উদ্ধার হয় স্বর্ণলতার ঝুলন্ত দেহ। ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল সাবানের গুঁড়ো।স্বর্ণলতার মুখেও সাবানের গুঁড়েো দেখতে পায় পুলিশ।
ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় রাধেশ্যাম মণ্ডলকে । স্বর্ণলতার পরিবারের অভিযোগ, রাধেশ্যামের সঙ্গে তার পরিবারও এই খুনের সঙ্গে জড়িত। কারণ, টাকা চেয়ে স্বর্ণলতার পরিবারকে মাঝে মাঝেই হুমকি দিত রাধেশ্যামের বাড়ির লোকেরা।পুলিশের জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকারও করেছে রাধেশ্যাম। তবে, খুনের সঙ্গে তার পরিবারও জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।