
শেষ আপডেট: 24 May 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো: এবারে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশ (HS Result 2023) হয়েছে। ফলপ্রকাশ হতেই দেখা গেল জয়জয়কার জেলার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার (Shubhrangshu Sardar)। ৪৯৬ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। কীভাবে এমন রেজাল্ট হল? ফল প্রকাশ হতেই নিজের সাফল্যের পিছনে লুকিয়ে থাকা কাহিনি জানাল শুভ্রাংশু।
শুভ্রাংশু বলে, 'প্রথম হব এটা আশা করিনি। অবশ্যই রেজাল্ট দেখে খুশি হয়েছি। আমি সবসময় কতক্ষণ পড়ার চেয়ে কীভাবে পড়ব তার ওপরই জোর দিতাম। ৬টি বিষয় দিনে ৪ ঘণ্টা পড়তাম আমি। কিন্তু সেইসময়টুকু ডুবে থাকতাম পড়ার মধ্যেই।'
উচ্চমাধ্যমিকে ইকোনমিক্স, স্ট্যাটিসটিক্স, অঙ্ক ও কম্পিউটার সায়েন্স--- এই চারটি বিষয় ছিল শুভ্রাংশুর। ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চায় সে? শুভ্রাংশু জানায়, 'ইকোনমিক্স নিয়ে আগামীদিনে পড়াশোনা করব।'
শুভ্রাংশুর বাবা পেশায় গাড়ি চালক। মা ঘর সামলান। প্রাইভেট টিউশন নেওয়ার ব্যাপারে কোনওদিনই আগ্রহ ছিল না শুভ্রাংশুর। পাঠ্য পুস্তকের বাইরে অন্য বই পড়তে বেশি ভালবাসে। এছাড়াও অবসরে সিনেমা দেখা, গান শোনা রয়েছে পছন্দের তালিকায়।