
শেষ আপডেট: 29 October 2022 07:55
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুতে (Electrocuted Death) চাঞ্চল্য ছড়াল দাঁতনে। মাঠে চাষের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দু'জনে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁদের।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (East Medinipur) দাঁতন বিধানসভার মোহনপুরের ধৌরজামুয়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র কর শুক্রবার বিকেলে মাঠে চাষের কাজ করতে যান। কিন্তু সন্ধে হয়ে গেলেও বাড়ি না ফেরায় বাবাকে খুঁজতে মাঠে চলে যান ছেলে বিষ্ণুপদ। গিয়ে দেখেন মাঠের মধ্যে পড়ে রয়েছেন। বুঝতে পা পেরে বাবাকে ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিষ্ণুপদ।
কীভাবে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটল? স্থানীয় বাসিন্দাদের কথায়, মাঠের মধ্যে বিদ্যুতের ছেঁড়া তার পড়েছিল। সেই তারে আচমকা পা লেগে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুলালবাবু। কিছুক্ষণ পরে বাবাকে বাঁচাতে গিয়ে একইভাবে প্রাণ হারান ছেলেও।
পুলিশ দু'জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই জোড়া মৃত্যুর দায় কার? বিদ্যুৎ দফতরের উদাসীনতার জন্যই কি প্রাণ গেল তাঁদের। এলাকার মানুষ এই মৃত্যুর জন্য বিদ্যুৎ দফতরকে দায়ী করছেন।
১২৬ বছরের শিবানন্দ বেঁচে আছেন শুধু সেদ্ধ খাবার খেয়ে! দানপুজোয় করেন দুস্থ-সেবা