দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যায় পাণ্ডুয়া কালনা রোডের এক বিরিয়ানির দোকানে আসে জনৈক অজ্ঞাতপরিচয় যুবক। মোট তিন প্লেট বিরিয়ানি খায় সে। দোকানদার মহম্মদ মুস্তাক বলেন, তিন প্লেট বিরিয়ানির দাম ২১০ টাকা। যুবকটি প্যান্টের পকেটে টাকা খুঁজতে থাকে। কিন্তু তার কাছে টাকা ছিল না।
দোকানদার তখন যুবকের জামা প্যান্ট খুলে নেন। জামা-প্যান্ট খোলার সময় মোবাইলে ছবি তোলা হয়। আশপাশের ব্যবসায়ীরা যুবকের অবস্থা দেখে চাঁদা তুলে বিরিয়ানির দাম মিটিয়ে দেন। তখন যুবকটি জামা প্যান্ট ফিরে পায়।
মহম্মদ মুস্তাকের কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি যুবকটির জামা-প্যান্ট খুলে নিয়েছিলেন? তিনি বলেন, সেই খদ্দেরকে বলা হয়েছিল, আশপাশে বন্ধুবান্ধব, পরিচিত কেউ থাকলে টাকা এনে দাও। তোমার সাইকেল বা মোবাইল থাকলে কোথাও জমা দিয়ে টাকা আন। কিন্তু যুবকটির কাছে কিছুই ছিল না। তখন তার জামা-প্যান্ট খুলে নেওয়া হয়। তাকে বলা হয়, টাকা দিলে তবে জামা-প্যান্ট ফেরত পাবে।