
শেষ আপডেট: 17 October 2022 11:21
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে (TET 2022) কারা আবেদন করতে পারবেন? শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই নাকি সুযোগ মিলবে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদেরও? এই বিতর্কের মীমাংসা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এদিন এই সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা আবেদন করতে পারবেন কিনা নির্ভর করবে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের ওপরই।
সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। এই মামলার শুনানি শেষে বিচারপতি জানান, এই ব্যাপারে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। কারণ দেশের শীর্ষ আদালতেও এই সংক্রান্ত একটি মামলা চলছে।
বিতর্কের সূত্রপাত কোথায়? গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিকে নিয়োগে আবেদন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে উল্লেখ ছিল, শুধু ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।
এই নিয়েই আপত্তি তোলেন বেশ কয়েকজন টেট প্রার্থী। তাঁদের যুক্তি ছিল, টেটের জন্য প্রয়োজন ডিএলএড আর বিএড প্রয়োজন এসএসসির জন্য। সেই নিয়ে মামলা হয় আদালতে।
এদিন আদালতে মামলাকারীদের বক্তব্য ছিল, যদি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাও বসেন, তাহলে প্রতিযোগিতা বাড়বে। বঞ্চিত হবে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা। যদিও এই নিয়ে হাইকোর্ট জানিয়ে দেয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
মানিককে ইডি হেফাজতেই থাকতে হবে, সুপ্রিম কোর্ট আজও রায় দিল না