
শেষ আপডেট: 6 June 2023 12:41
দ্য ওয়াল ব্যুরো: করমণ্ডল দুর্ঘটনায় বাংলার যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলগতভাবে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। মঙ্গলবার সেই অর্থ দেওয়ার একটি ভিডিও টুইট করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, দু’হাজারের নোটের মাধ্যমে এই টাকা দেওয়া কালো টাকা সাদা করার পদ্ধতি নয় কি?
ভিডিওতে তিনজন মহিলাকে দেখা যাচ্ছে। যাঁদের হাতে রয়েছে দু’হাজার টাকার নোটের গোছা। জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে একই পরিবারের যে তিনজন মারা গিয়েছেন তাঁরা সেই পরিবারেরই মহিলা।
সুকান্ত প্রশ্ন তুলে লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য করছেন রাজ্যের একজন মন্ত্রী। সাধুবাদ জানাই। কিন্তু এ প্রসঙ্গে এই প্রশ্নটাও রাখছি, একসাথে দু’হাজার টাকার নোটে দু’লক্ষ টাকার বান্ডিলের উৎস কী?”
সুকান্তর এই সন্দেহ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘এসব ফালতু কথার কোনও জবাব হয়? দু’হাজার টাকার নোট তো অবৈধ নয়। তাছাড়া পার্টি যখন ঘোষণা করে দিচ্ছে তখন তো খাতায় হিসাব রেখেই দিচ্ছে। আসলে এরা ক্ষতিপূরণ নিয়েও রাজনীতি করতে চায়। এক একটা পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তিরও প্রাণ গিয়েছে। তৃণমূল সেই পরিবারগুলির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।’
বিজেপি রাজ্য সভাপতি পৃথক একটি টুইটে লিখেছেন, ‘বর্তমানে দু’হাজার টাকার নোটের জোগান বাজারে কম। তা ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলিকে দু’হাজার টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হল না? দ্বিতীয়ত, এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি?”
২০১৬ সালে নোটবন্দি করে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। তারপর বাজারে এনেছিল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। মোদী তখন বলেছিলেন, কালা ধন খতম করবেন। তার পর দু’বছর না ঘুরতে দেখা গেছিল নোটবন্দির আগে বাজারে যত নগদের জোগান ছিল, ততটাই ফিরে এসেছে। মোদীর কালা ধনের তত্ত্বও ফুস হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে তখন।
সাত বছর পর সেই দু’হাজারের নোটকেই বাজার থেকে তুলে নিতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই প্রক্রিয়া এখন চলছে। এ হেন প্রেক্ষাপটে তৃণমূলের তরফে দু’হাজারের নোটে দু’লক্ষ টাকা করে দেওয়া নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি।
করমণ্ডল দুর্ঘটনার তদন্ত শুরু করল সিবিআই, একাধিক ধারায় দায়ের হল এফআইআর