
শেষ আপডেট: 19 June 2018 12:37
দ্য ওয়াল ব্যুরো: আবু তাহের একদা একটা করিল ভীষণ পণ!
সমাজ-বিরোধীতে ভরে গিয়েছে তৃণমূল। যে যাঁর মতো লুটেপুটে খাচ্ছে। সবাইকে তাড়িয়ে দলটাকে বাঁচাতে হবে। আর এই প্রতিজ্ঞা নিয়েই কংগ্রেস থেকে তৃণমূলে চললেন মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়ক আবু তাহের।
অনুগামীদের নিয়ে একটি সভা করেন আবু। সেখানে তিনি বলেন, ‘গত পঞ্চায়েত ভোটে প্রহসন হয়েছে। বুথ দখল করে ভোট লুট হয়েছে। তৃণমূল নেতৃত্ব জানেন সামনে কঠিন লড়াই। সেখানে এ ভাবে ভোট করলে হবে না। তাই দলের শীর্ষ নেতৃত্ব মুর্শিদাবাদে স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের হাতে দলের দায়িত্ব দিতে চান। আমাদের সবাইকে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে হবে।’
https://www.youtube.com/watch?v=o-rLr2TGf4Uকয়েক দিন আগেই কংগ্রেসের বিধায়ক তথা দীর্ঘ দিনের অধীর সঙ্গী আশিস মার্জিত তৃণমূলে যোগ দেন। একদা গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আরও ভাঙল কংগ্রেস। এমনিতেই পঞ্চায়েত নির্বাচনে ভরা ডুবি হয়েছে। তার উপর আবু তাহেরের দল ছাড়ার ঘটনা কংগ্রেসকে মুর্শিদাবাদের মাটিতে আরও দুর্বল করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূল আবুর বক্তব্যকে সরকারি ভাবে স্বীকৃতি দেয়নি। শাসক নেতারা তাঁকে এখনও কংগ্রেস বিধায়ক বলেই সম্বোধন করে বলেন, ‘উনি কী বলেছেন সেটা উনিই জানেন।’ অধীরপন্থীরা অবশ্য বলছেন, ‘মুর্শিদাবাদের মানুষ জানে আবু তাহের কীসের লোভে তৃণমূলে যাচ্ছেন। ’