
শেষ আপডেট: 24 July 2023 07:41
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ক্লাস এইটের পড়ুয়া এক ছাত্রীকে স্কুলের শৌচালয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ (Complaint of student rape) উঠল এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)। কোনওমতেই যাতে ওই নির্যাতিতা বা তার পরিবার থানার দ্বারস্থ না হয়, তারজন্য তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জুলাই দুপুরবেলা এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওই ছাত্রী। সে জানায়, স্কুলের শৌচালয়ে (school toilet) গিয়েছিল সে। তখনই স্কুলের এক পার্শ্বশিক্ষক তাকে ধর্ষণ করে শৌচাগারের ভিতরেই আটকে রেখে চলে যায়। যাওয়ার সময় হুমকি দেয় পুলিশকে জানালে ফল খুব খারাপ হবে। এদিকে দীর্ঘক্ষণ ওই ছাত্রীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। শৌচালয়ের দরজার বাইরে তালা ঝোলানো থাকায়, সন্দেহ হয় অন্যান্য পড়ুয়াদের। এরপর অন্য শিক্ষক ও পড়ুয়াদের সাহায্যে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে।
লাগাতার হুমকিতে প্রথমটায় ভয় পেয়ে গিয়েছিল ছাত্রীর পরিবার। রবিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করা হয়। ছাত্রীর বাবার বক্তব্য, তাঁরা যেন থানায় না যান তার জন্য বারবার তাঁদের হুমকি দেওয়া হয়। বলা হয় তাঁরা মিথ্যা বদনাম দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর অবশ্য অভিযুক্ত পার্শ্ব শিক্ষককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালত পেশ করা হচ্ছে। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট হবে কাকদ্বীপ হাসপাতালে।
আরও পড়ুন: বাংলায় হিংসা কবলিত এলাকায় আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী: কলকাতা হাইকোর্ট