
শেষ আপডেট: 7 November 2022 09:12
দ্য ওয়াল ব্যুরো: ঝালদা পুরসভার (Jhalda Corporation) আস্থা ভোটের দিনক্ষণ নিয়ে কংগ্রেসের আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। আগে যা ঠিক হয়েছিল সেই মতো ২১ নভেম্বর হবে ঝালদা পুরসভার আস্থা ভোট। ফলে তৃণমূল কিছুটা সময় পেল।
১২ আসন বিশিষ্ট পুরুলিয়ার ঝালদা পুরসভায় পাঁচ কংগ্রেস কাউন্সিলর ও এক নির্দল কাউন্সিলর তৃণমূলের চেয়্যারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন গত ১৩ অক্টোবর। ঠিক তার কয়েকদিন আগে নির্দল প্রার্থী হয়ে জিতে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় শাসকদল ছেড়ে দেন।
এহেন সমীকরণে ঝালদায় সংখ্যা সংকটে পড়ে তৃণমূল। কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভাইস চেয়্যারম্যান বিজ্ঞপ্তি জারি করেন যে ২১ নভেম্বর আস্থা ভোট হবে। কংগ্রেসের বক্তব্য ছিল, এত দেরি করা হচ্ছে তার কারণ তৃণমূল টাকা ছড়িয়ে কাউন্সিলর কেনার পরিকল্পনা করছে। এ নিয়ে আদালতে যায় কংগ্রেস। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত।
ঝালদা পুরসভার ফল ঘোষণার পর দেখা গিয়েছিল তা ত্রিশঙ্কু হয়ে রয়েছে। কংগ্রেস ও তৃণমূল দুই দলই পাঁচটি করে আসন পেয়েছিল। দুটি আসন জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তারপর ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। সেই মামলায় তদন্ত করছে সিবিআই।
এখন দেখার তৃণমূল এই পুরসভা ধরে রাখতে পারে কিনা।