
শেষ আপডেট: 7 April 2023 07:48
দ্য ওয়াল ব্যুরো: বিধাননগর পুরসভার (Bidhannagar Municipal Corporation) ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
অভিযোগ, বিধাননগর পুরসভা এলাকায় একাধিক জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে। কিন্তু সেইসব দেখেও কোনও পদক্ষেপ নিচ্ছে না পুরসভা, এমনই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়।
মামলকারীদের পক্ষে আদালতে জানানো হয়, এই পুরসভা এলাকায় ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ হয়েছে। যার মধ্যে ২০টি সিঙ্গল স্টোরেড বিল্ডিং।
মামলার শুনানি শেষে বিধাননগর পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এই মামলায় হাইকোর্টের মন্তব্য, কোনওভাবেই বেআইনি নির্মাণ মেনে নেওয়া যায় না। এতদিন ধরে এমন নির্মাণ হয়ে চলেছে আর বিধাননগর পুরসভা কি চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, প্রশ্ন তোলেন বিচারপতি।
আগামী ৩০ দিনের মধ্যে এইসব বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। নির্দেশে আরও বলা হয়, পুরসভার ইন্সপেক্টরদের দিয়ে একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটিই এলাকার বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করবে। আগামী ১৫ মে, এই মামলার পরবর্তী শুনানির দিন পুরসভাকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।
শীতলকুচি কাণ্ডে নয়া মোড়, মেয়ের প্রেমে বাধার কারণেই সপরিবার খুন হতে হল নেত্রীকে