
শেষ আপডেট: 4 September 2022 07:12
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বিদ্যুৎ তারের মেরামতি করতে গিয়ে প্রাণ গেল খোদ বিদ্যুৎকর্মীরই। রবিবার সকালে বীরভূমের (Birbhum) সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে মেরামতির কাজ করছিলেন নেপাল বেসরা নামে এক অস্থায়ী কর্মী। কাজ করতে করতে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted Death) হন তিনি। বিদ্যুৎ তারে আটকে থাকেন বহুক্ষণ। সেখানেই প্রাণ হারান বছর ৩২-এর এই যুবক।
শনিবার জানানো হয়েছিল, পুজোর আগে সিউড়ির বিভিন্ন এলাকায় বিদ্যুতের মেরামতির কাজ করা হবে। সেই রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে বিদ্যুৎ পরিষেবা। সেই মতো এদিন সকাল থেকেই কাজ শুরু হয়।
সিউড়ির নেতাজি বাস স্ট্যান্ডের কাছে ট্রান্সফরমারে কাজ চলছিল। সেখানেই নেপাল বিদ্যুৎস্পৃষ্ট হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল এসে নেপালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা জানিয়ে দেন, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনা প্রসঙ্গে বীরভূমের বিদ্যুৎ বণ্টন বিভাগের আঞ্চলিক ম্যানেজার কৃষ্ণকান্ত মিশ্র জানান, 'ঘটনার খবর পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।'
মুর্শিদাবাদে শিশু-সহ বাবা-মা’র উপর অ্যাসিড হামলা! পুরনো শত্রুতার জের, তদন্তে পুলিশ