
শেষ আপডেট: 14 December 2022 11:21
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: অ্যাম্বুল্যান্সের (Ambulance) উপর উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার (Gas Tanker)! শিলিগুড়ির (Siliguri) ঘটনা। এই ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচ যাত্রী। তারমধ্যে এক গর্ভবতী মহিলাও আছেন।
বুধবার দুপুরে শিলিগুড়ির ঘোষপুকুর-ফুলবাড়ি বাইপাসের গোয়ালটুলি মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, গ্যাস ট্যাঙ্কারটির সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই বড় গ্যাস ট্যাঙ্কারটি উল্টে যায়। সেটি গিয়ে পড়ে অ্যাম্বুল্যান্সের উপর। সঙ্গে সঙ্গে ছুঠে আসেন স্থানীয়রা। কিন্তু ট্যাঙ্কার সরিয়ে অ্যাম্বুল্যান্সের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা যায়নি। এরপর পুলিশকে খবর দিলে তারা হাইড্রোলিক ক্রেন নিয়ে এসে গ্যাস ট্যাঙ্কারটি সরায়। এভাবে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় অ্যাম্বুল্যান্সের যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। তার মধ্যে ছিলেন এক গর্ভবতী মহিলা। বাকি চারজন পুরুষ তাঁরই পরিজন। পাঁচজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা শিলিগুড়ির ঘোষপুকুর-ফুলবাড়ি বাইপাস, যা ৩১ নম্বর জাতীয় সড়কের অংশ, সেখানে যানচলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য পুলিশের দিকে আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, এই এলাকায় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ এর দায় এড়াতে পারে না।
লালন মৃত্যুর তদন্তভার সিআইডি-র হাতেই! করতে হবে দ্বিতীয় ময়নাতদন্ত, নির্দেশ কোর্টের