
শেষ আপডেট: 24 June 2023 09:50
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করা এক সিপিএম প্রার্থী ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার ধুন্ধুমার কাণ্ড বাঁধল দুর্গাপুরে।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিগঞ্জে পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের প্রশান্ত রুইদাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জমি নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে প্রশান্তর বিবাদ চলছিল। তা নিয়েই এদিন মারামারি হয়।
এই ঘটনার পর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে সিপিএম। যদিও তৃণমূলের বক্তব্য, স্থানীয় স্তরে জমির বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। তাতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে সিপিএম।
অভিযোগ, পঞ্চায়েতে বিজেপি প্রার্থী আলোচনা রুইদাসের স্বামী মুক্তি রুইদাস ও তাঁর দলবল এবং তৃণমূলের বেশ কিছু কর্মী মিলে প্রশান্তর বাড়ির পাশের একটি জায়গা বাঁশ দিয়ে ঘিরে দেয়। সেই নিয়েই উত্তেজনা শুরু হয়। তারপর তা গড়ায় মারামারিতে। জখম অবস্থায় প্রশান্ত এবং তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পূজাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, '২০১১ সালের পর থেকে প্রশান্ত রুইদাসের উপর বারবার হামলা হয়েছে। তাঁর দোকান ঘরও ভাঙচুর করা হয়েছে। এবার তাঁর উপর তো হামলা হয়েছেই, বাদ দেওয়া হয়নি তাঁর সন্তানসম্ভাবা স্ত্রীকেও।'
খবর সংগ্রহ করতে গিয়ে এদিন কালিগঞ্জে আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। গোটা ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।
সিপিএমের শিবুর নামে কাঁপত শ্যামনগর, সরকার বদলাতেই বদলে গিয়েছে এই সরকারের পেশা