দ্য ওয়াল ব্যুরো: সংক্রমণ কমছিলই, কিন্তু ঝুঁকি নিতে চাননি মুখ্যমন্ত্রী। সোমবার ফের রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। আপাতত ৩০ জুন পর্যন্ত জারি থাকছে একাধিক বিধিনিষেধ।
এর মাঝে দৈনিক কোভিড গ্রাফের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, গতকালের মতো ৪ হাজারের নীচেই রয়েছে সংক্রমণ। সসোমবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৫১৯ জন।
তবে আক্রান্তের চেয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এদিনও কম। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ১৭১ জন। সুস্থতার হার ৯৭.৫৫ শতাংশ।
এদিন দৈনিক মৃত্যু অবশ্য আগের থেকে অনেকটাই কমেছে। বহুদিন পর এই প্রথম ৮০-র নীচে নেমেছে কোভিড মৃত্যুর সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে কোভিডের বলি হয়েছেন ৭৮ জন। এছাড়া ৫৪ হাজার ২২৮ জনের করোনা পরীক্ষাও করা হয়েছে একদিনে।
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, জেলাগুলিতে কিছুতেই ২০০-র নীচে নামছে না দৈনিক করোনা সংক্রমণ। অবিলম্বে সেই পরিস্থিতির উন্নতি করার কথা বলেছেন তিনি। জেলাশাসকদের পদক্ষেপের নির্দেশও দিয়েছেন।
সোমবারের জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, ৫০০-র বেশি সংক্রমণ নিয়ে এদিনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মোট ৫৮৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ জনের।
এছাড়া কলকাতার সংক্রমণও এদিন পেরিয়েছে ৩০০-র গণ্ডি। শহরে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন, মারা গেছেন ১১ জন। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া এমনকি দার্জিলিংয়েও সংক্রমণ রয়েছে ২০০-র উপরে।