
শেষ আপডেট: 21 July 2022 06:26
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আবারও বিষ মদের (Spurious Liquor) বলি (Death) ৫ জন। আরও ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) মালিপাঁচঘড়া থানার গজানন বস্তি এলাকায়। মঙ্গলবার রাতে ওই এলাকায় বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
এর আগেও রাজ্যে বিষ মদ খেয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। দিন দশেক আগেই ভেজাল মদ খেয়ে বর্ধমানে একসঙ্গে মৃত্যু হয়েছিল ৮ জনের। ঘটনায় হইচই পড়ে যায় ওই অঞ্চলে। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ কলেজ মোড় এলাকার তারা মা হোটেলে মদ খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকেন অনেকে। মৃতদের পরিবারের অভিযোগ, ওই হোটেলে মদ ভেজাল ছিল। তার ফলেই মৃত্যু ঘটেছে।
পুলিশ ওই হোটেল মালিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় হোটেলের মালিক গণেশ পাসোয়ানকে। দেশি মদে ভেজাল মেশানোর কথা স্বীকার করেছিল গণেশ।
১৯৯৮ সালের কথা। এই হাওড়া শহরেই বিষমদ কাণ্ডে প্রাণ গিয়েছিল আট জনের। অসুস্থ হয়ে সত্যবালা আইডি, হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, টিএল জয়সওয়াল হাসপাতালে ভর্তি ছিলেন শতাধিক। লিলুয়া থানা এলাকার বিবেক নগরের ওই কাণ্ড রাজনৈতিক ভাবেও তোলপাড় ফেলে দিয়েছিল।
যে চোলাই মদের ঠেকে ওই গণমৃত্যু হয়েছিল তার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল
স্থানীয় এক সিপিএম নেতার। অভিযোগ ছিল, ওই নেতার লাইসেন্স নিয়েই চোলাইয়ের ঠেক চালান মতি সিং। তখন সদ্য তৃণমূল তৈরি হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে মতিকে গ্রেফতার করেছিল পুলিশ। সিপিএম নেতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না হলেও পার্টি তাকে বহিষ্কার করেছিল। ফের সেই হাওড়াতে বিষমদে প্রাণ গেল মানুষের।
বর্ধমানের বিষমদ কাণ্ডে গ্রেফতার তারা মা হোটেলের মালিক, স্বীকার করল ‘ভেজাল’ মেশানোর কথা!