‘আর মেয়েদের গায়ে হাত দিবি?’ ইভটিজারকে বেধড়ক ঠ্যাঙালেন কলেজ ছাত্রী
দ্য ওয়াল ব্যুরো: মার বলে মার? একবারে যাকে বলে হাটুরে মার। চড়-থাপ্পড় তো ছিলই, খানকয়েক লাথি, ঘুঁষিও দমাদ্দম উড়ে এসে পড়তে লাগল যুবকের গায়ে। আধমরা যুবকের তাতেও তেজ কমেনি। চোখ লাল করে তরুণীকে তার শাসানি, "আমার গায়ে হাত দিলি তো, তোকে দেখে নেব
শেষ আপডেট: 28 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: মার বলে মার? একবারে যাকে বলে হাটুরে মার। চড়-থাপ্পড় তো ছিলই, খানকয়েক লাথি, ঘুঁষিও দমাদ্দম উড়ে এসে পড়তে লাগল যুবকের গায়ে। আধমরা যুবকের তাতেও তেজ কমেনি। চোখ লাল করে তরুণীকে তার শাসানি, "আমার গায়ে হাত দিলি তো, তোকে দেখে নেব!"
সাত সকালেই কলেজ ছাত্রী বনাম ইভটিজারের কাজিয়ায় রীতিমতো সরগরম কাটোয়ার একটি বাসস্ট্যান্ড। যুবক যত গর্জায় ততই দুমদাম কিল-চড়-ঘুঁষি একেবারের বন্যার জলের মতো আছড়ে পড়তে থাকে যুবকের উপর। শেষে সিভিক পুলিশ এসে পড়ায় থামেন তরুণী। পুলিশই গ্রেফতার করে নিয়ে যায় যুবককে।
বছর পঁচিশের যুবকের নাম প্রদীপ মণ্ডল। এলাকারই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের কথায়, আকণ্ঠ মদ্যপান করে টলতে টলতে যুবক বাসস্ট্যান্ডে এসে মেয়েদের সঙ্গে অসভ্যতা করতে শুরু করে। কারওর হাত ধরে টানে, তো কারওর গাল টিপে দেয়। মুখে অশ্লীল কথার তুবড়ি। যে মহিলাদের প্রথম টার্গেট করেছিল প্রদীপ, তাঁরা বেশ নিঃশব্দেই ব্যাপারটাকে মেনে নিয়ে সরে পড়েন। প্রতিবাদ করতে এগিয়ে আসেন না কেউই। তখনই আসরে নামেন ওই তরুণী।
https://www.youtube.com/watch?v=q2o4GwdyS7k&feature=youtu.be
সংবাদ মাধ্যমের সামনে অবশ্য মুখ দেখাতে রাজি হননি। গোটা মাথা মুখ ওড়নায় ঢেকে তরুণী গর্জে ওঠেন, "অনেকক্ষণ ধরেই ব্যাপারটা দেখছিলাম। অবাক হলাম যে মেয়েদের সঙ্গে অসভ্যতা করছিল, তারা কিছু বলল না। চুপচাপ চলে গেল। আমার দিকে এগোতেই প্রতিবাদ করলাম।" প্রতিবাদের ভাষা যে এত ভয়ানক হবে তা বোধহয় আঁচ করতে পারেনি প্রদীপ। বেশ দৃপ্ত ভঙ্গিতেই তরুণীর হাত ধরার চেষ্টা করেছিল। তবে রক্তচক্ষু নিয়ে সাক্ষাৎ মা কালীর মতো তরুণীর রণরঙ্গিনী মূর্তি দেখে আর এগোতে সাহস পায়নি। পাশ কাটিয়ে চলে যাবার তালেই ছিল সে।
কিন্তু, তরুণী নাছোড়। ছেড়ে দিতে রাজি নয়। তাকেও অশ্লীল কথা বলেছে যুবক। একে তো ছাড়া যায় না! প্রথমে দু’একটা শাসানি, তার পরই সপাটে চড়। কোনও রকমে পড়তে পড়তে সামলে নিয়েই যুবকের হুঙ্কার, "তোকে তো কিছু করিনি। আমাকে মারলি কেন? দেখে নেব তোকে।" শাসানি উপেক্ষা করে তরুণী তখন মারমুখী। চড়ের সঙ্গে কিল, ঘুঁষি। শেষে সিভিক পুলিশের জনা কয়েক কর্মীরা এগিয়ে এসে যুবককে ধরে নিয়ে যায়। তরুণী জানিয়েছেন, থানায় পুলিশের সামনেই তাকে ফের একবার শাসায় যুবক।
প্রদীপ আপাতত শ্রীঘরে। শাসানির পরে কি ভয় করছে? তরুণীর ঝটিতি জবাব, "অত সহজ নয়। আমাকে দেখে নেবে বলেছে। এর শেষ দেখে ছাড়ব।"