
শেষ আপডেট: 26 March 2023 13:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বক্সারদের দাপট বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (Women's World Boxing Championships)। শনিবারের পর রবিবারও একই ধারা বজায় রইল। প্রতিপক্ষ ভিয়েতনামের নুয়েন থি থামকে ৫-০-তে হারিয়ে ৫০ কেজি বিভাগে সোনা জিতল ভারতের মেয়ে নিখাত জারিন (Nikhat Zareen)। সেই সঙ্গে মেরি কমের সঙ্গে একই খাতায় নাম লিখিয়ে ফেললেন তিনি।
সেমিফাইনালের মতো ফাইনালেও বিপক্ষকে দাঁড়াতে দেননি নিখাত। সেমিতে কলোম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে হারান নিখাত। রবিবার একই ছবি দেখা গেল দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে।
মেরি কমের পরে নিখাত দ্বিতীয় মহিলা বক্সার যিনি দুটি আন্তর্জাতিক খেতাব জিতলেন। গত বছরও এই চ্যাম্পিয়নশিপে বিশ্বসেরা হয়ে সবার চোখের মণি হয়ে উঠেছিলেন নিখাত। সেই নিখাত আজ ভারতের হয়ে রেকর্ড গড়লেন।
গোটা টুর্নামেন্ট জুড়েই দারুণ ছন্দে ছিলেন জারিন। সেই পুরস্কার আজ পেলেন তিনি। তেলেঙ্গানার নিজামদের মেয়ে নিখাত। সেখানেই বেড়ে ওঠা। কিন্তু সেই সমাজে মেয়েরা হাফপ্যান্ট পরে খেলবে তা ছিল যেন ঘোর 'অপরাধ'। মেয়েদের থাকতে হত পর্দার ওপারে। সেখান থেকে নিজের ইচ্ছের জন্য লড়াই করেছেন নিখাত।
এই নিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এর আগে দুটি সোনা এসেছে। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার খাতা খুলেছিলেন নীতু ঘাঙ্ঘাস। গতকাল তিনি ৪৮ কেজি (মিনিমাম ওয়েট) বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান আলতানসেতসেগকে হারিয়ে ছিলেন। নীতুর সোনা পাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই ৮১ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুইটি বুরা। এবার সেই খাতায় নাম লেখালেন নিখাত।
চিরাগ-সাত্ত্বিক জুটির বাজিমাত, বিশ্বমঞ্চে ফের খেতাব এল ব্যাডমিন্টনে