দ্য ওয়াল ব্যুরো : বোনালু উৎসব চলাকালীন ড্রাম বাজাচ্ছিল একটি বাচ্চা ছেলে। সেই সময় তার মুখে এক তাড়া নোট গুঁজে দিলেন তেলঙ্গানার ডেপুটি স্পিকার পদ্মা রাও গৌড়। আর এই ঘটনায় বেজায় চটেছেন শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। তাঁদের বক্তব্য, এভাবে মুখে নোট গুঁজে দেওয়ায় দমবন্ধও হয়ে যেতে পারত বাচ্চাটার।
তেলঙ্গনার সেকেন্দ্রাবাদে বোনালু উৎসব চলছিল। উৎসবের মাঝে দারুণ ড্রাম বাজাচ্ছিল একটি বাচ্চা ছেলে। বাজানোর মাঝেই পদ্মা রাও এসে তার মুখে গুঁজে দেন ৫০০ টাকার এক তাড়া নোট। সেই অবস্থায় অবশ্য ড্রাম বাজিয়ে যায় সে। আশেপাশে থেকে হাততালিও পড়তে থাকে দেদার। কিন্তু এই ঘটনার পরেই ডেপুটি স্পিকারের সমালোচনা শুরু করেছেন শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা।
তাঁদের বক্তব্য, এ ভাবে মুখে টাকা গুঁজে দেওয়ায় দমবন্ধ হয়ে যেতে পারত বাচ্চাটার। তার ড্রাম বাজানো ভালো লেগে থাকলে তা শেষ হওয়া অবধি অপেক্ষা করতে পারতেন পদ্মা রাও। তারপর হাতে বা পকেটেও দেওয়া যেত টাকা। এ ভাবে টাকা দেওয়ার কী মানে। এই পুরো ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও শুরু হয় সমালোচনা।
https://twitter.com/anusha_puppala/status/1156145389210222592
অবশ্য তিনি কিছু ভুল করেছেন, তা মানতে রাজি নন, সেকেন্দ্রাবাদের এই বিধায়ক। তাঁর দাবি, ছেলেটির ড্রাম বাজানোর পুরস্কার হিসেবেই ওই টাকা দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, "আমি যদি টাকা পুড়িয়ে দিতাম, বা নষ্ট করে দিতাম, তাহলে আমি শাস্তিযোগ্য অপরাধ করতাম। একটি বাচ্চাকে টাকা দিয়ে পুরস্কৃত করা কি অপরাধ? আমি তিন-চার বার তার মুখে টাকা গুঁজে দিয়েছি। এটা তেলঙ্গনার একটা সংস্কৃতি। ভারতীয় সমাজে তো বিয়ের সমতেও টাকা দেয়। আমি শুধু বাচ্চাটিকে পুরস্কার দিতে চেয়েছি। এতে এত সমালোচনার কিছু নেই।"