দ্য ওয়াল ব্যুরো: চিনের গুয়াংজু থেকে করোনা পরীক্ষার আরও তিন লক্ষ অ্যান্টি বডি টেস্ট কিট এল ভারতে। চিনের ভারতীয় দূতাবাসের প্রধান বিক্রম মিসরি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে তামিলনাড়ু এবং রাজস্থানে পৌঁছেছে ওই কিট।
দু'দিন আগেই মিসরি জানিয়েছিলেন ধাপে ধাপে ১৫ দিনে ২০ লক্ষ কিট আসবে ভারতে। সেদিনের হিসেব ছিল সাড়ে ছ'লক্ষ কিট পৌঁছেছে। অর্থাৎ তাতে যোগ হল আরও তিন লক্ষ।
শুধু কিট নয়। করোনা চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, মাস্ক, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের পিপিই, ভেন্টিলেটরও আসছে চিন থেকে।
গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাসের প্রকোপ। কিছুটা নিয়ন্ত্রণে আশার পর এখন চিনই হয়ে উঠেছে করোনা চিকিৎসার সরঞ্জাম রফতানি অন্যতম দেশ। শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্সের মতো প্রথম বিশ্বের দেশগুলিতেও করোনা চিকিৎসার সরঞ্জাম যাচ্ছে চিন থেকে।
গত সপ্তাহে চিন থেকে বিমান বোঝাই পিপিই এসে পৌঁছয় গুয়াহাটি বিমানবন্দরে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ব্লুডার্টের বিমানে চিন থেকে ওই সামগ্রী আনিয়েছেন।