
শেষ আপডেট: 20 October 2020 09:22
আজ সকালে টুইট করে কেজরিওয়াল জানিয়েছেন একথা। টুইটে তিনি লিখেছেন, "বন্যায় বিধ্বস্ত অবস্থা হায়দরাবাদের। এই পরিস্থিতিতে হায়দরাবাদের ভাইবোনের পাশে দাঁড়াবে দিল্লি। ত্রাণকার্যে সাহায্যের জন্য তেলেঙ্গানা সরকারকে ১৫ কোটি টাকা অনুদান দেবে দিল্লি।" এর আগে গতকালই তেলেঙ্গানাকে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল তামিলনাড়ু সরকার। এবার তেলেঙ্গানার পাশে দাঁড়াল দিল্লি।
https://twitter.com/ArvindKejriwal/status/1318430315103145985?s=20
গত শনিবার রাত থেকে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে হায়দরাবাদ এবং তেলেঙ্গানার অন্যান্য অংশে। আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে মৌসম ভবন। উদ্ধার কাজের জন্য তাই আগেভাগেই মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং এনডিআরএফ-এর হেলিকপ্টার। নিচু এলাকার বসবাসকারীদের সরকারের পক্ষ থেকে বারবার নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। গতকাল ১৯ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আজকের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবেই আপাতত তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং ওড়িশা উপকূলে বৃষ্টি হবে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হায়দরাবাদ-সহ তেলেঙ্গানার বিভিন্ন অংশে। নিচু এলাকাগুলির অনেকটাই এর মধ্যে প্লাবিত হয়েছে। বাকি অংশ থেকে বাসিন্দাদের উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। জানা গিয়েছে ১৯০৮ সালের পর অর্থাৎ ১১২ বছর পর এভাবে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। গত সপ্তাহের ব্যাপক বৃষ্টিতে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং সংলগ্ন এলাকায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানার বাকি জেলাগুলিতে মারা গিয়েছেন ৩৭ জন। অর্থাৎ তেলেঙ্গানায় প্রবল বৃষ্টির জেরে এখনও পর্যন্ত মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। ৩৭ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়।
গতকাল, সোমবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ঘোষণা করেছেন যে সব পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের সরকারের তরফে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও যাঁদের বাড়িঘর একেবারেই ভেঙে গিয়েছে তাঁদের এক লক্ষ টাকা এবং যাঁদের বাড়ি আংশিক ভাবে ভেঙেছে তাঁদের ৫০ হাজার টাকা দেবে তেলেঙ্গানা সরকার। বন্যা দুর্গত বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া সহায়সম্বলহীন গরিব মানুষদের সাহায্যের জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।