দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সাত সকালেই ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। ভারতীয় বায়ুসেনার বিমান মিরাজ- ২০০০ এয়ারক্র্যাফটটি ভেঙে পড়ে বেঙ্গালুরুর কাছে হ্যাল (Hindustan Aeronautics Limited)-এর বিমানবন্দরে। অবশ্য দুর্ঘটনার আগেই নিজেদের বিমান থেকে বের করে এনেছিলেন দুই পাইলট। কিন্তু তারপরেও তাঁদের বাঁচানো যায়নি।
জানা গিয়েছে, হ্যালের বিমানবন্দর থেকে টেক অফ করার পরের মুহূর্তেই ভেঙে পড়ে এই মিরাজ বিমান। দাউদাউ করে জ্বলে ওঠে এয়ারক্র্যাফটটি। কিন্তু ভেঙে পড়ার আগেই নিজেদের বিমান থেকে বের করে আনতে পেরেছিলেন বায়ুসেনার দুই পাইলট স্কোয়াড্রন লিডার সমীর আবরোল এবং সিদ্ধার্থ নেগি। কিন্তু তারপরেও মারাত্মক আঘাত লাগায় মৃত্যু হয় তাঁদের।
শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হ্যাল বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হ্যালের বিমানবন্দরে মিরাজ ২০০০ এয়ারক্র্যাফটটি আনা হয়েছিল বিমানের পরিকাঠামোয় কিছু পরিবর্তন করার জন্য। আরও উন্নত এয়ারক্র্যাফট বানানোই ছিল লক্ষ্য।
সূত্রের খবর এয়ারক্র্যাফট আপগ্রেডেশনের কাজ শেষ হওয়ার পরেই এ দিন সকালে মহড়ার জন্য প্রস্তুত ছিল মিরাজ ২০০০। কিন্তু উড়ানের আগেই ঘটে গেল দুর্ঘটনা। যদিও বিমানমন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মিরাজ ২০০০ বিমানের মধ্যে 'জিরো জিরো ইজেক্ট সিস্টেম' ( অর্থাৎ জিরো উচ্চতায় ও জিরো গতিবেগে বিমান থেকে বের হওয়া সম্ভব ) রয়েছে। কিন্তু ঠিক কোন সময়ে দুই পাইলট নিজেদের বের করে আনলেন, সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। স্বভাবতই অভিযোগের আঙুল উঠেছে হ্যাল কর্তৃপক্ষের দিকে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, কীভাবেই বা এই দুই পাইলট মারা গেলেন তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ুসেনা।