দ্য ওয়াল ব্যুরো: এতদিন শরদ পওয়ার বলে আসছিলেন, জনগণের রায় মেনে তাঁরা বিরোধী আসনেই বসবেন। তবে বিজেপি-শিবসেনা জোটের জট না কাটায় এ বার বিজেপিকে বাদ দিয়ে জনসাধারণের সরকার গড়ার প্রস্তাব দিল তাঁর দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। এনসিপি বলেছে, “ছত্রপতি শিবাজি মহারাজ যে জনগণের সরকারের কথা বলেছিলেন, শিবসেনার যদি তেমন সরকার গড়তে চায় তাহলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি বিবেচনা করা হবে।”
মহারাষ্ট্রের মানুষের কথা ভেবে উদ্ধব ঠাকরে যদি কোনও সিদ্ধান্ত নেন, তাকে স্বাগত জানানোর কথা জানিয়েছে এনসিপি। এনসিপির মুখ্য মুখপাত্র নবাব মালিক টুইটারে বলেন, “ছত্রপতি শিবাজি মহারাজ যে জনগণের সরকারের কথা বলেছিলেন, বিজেপিকে বাদ দিয়ে শিবসেনার যদি তেমন সরকার গড়তে চায় তাহলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি বিবেচনা করা হবে। যদি সাধারণ মানুষের কথা চিন্তা করা হয়, তা হলে বিকল্প উপায় আছে।”
https://twitter.com/nawabmalikncp/status/1190585198200508417
নবাব মালিক স্পষ্ট করে দিয়েছেন, এ ব্যাপারে প্রথমে উদ্যোগী হতে হবে শিবসেনাকেই।
মহারাষ্ট্রে ৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন করা না হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিয়ার যে মন্তব্য করেছেন, তারও কড়া জবাব দিয়েছেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের কোনও প্রশ্নই নেই, রাজ্যকে গণতান্ত্রিক পথে চালিত করবে তাঁদের দল। তিনি বলেন, “রাষ্ট্রপতি শাসন জারি করে গণতন্ত্রে কণ্ঠরোধ করে হত্যা আমরা বরদাস্ত করব না। আমরা পরিবর্ত সরকার গড়ার ব্যাপারে প্রস্তুত। আমরা প্রস্তুত, এখন অন্য দল ও শিবসেনাকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।”
২১ অক্টোবর মহারাষ্ট্রে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই রাজ্যে কোনও দলই সরকার গড়ার দাবি জানায়নি। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ১০৫টি, শিবসেনা ৫৬টি, এনসিপি ৫৪টি ও কংগ্রেস ৪৪টি আসন পেয়েছে। ভোটের আগে জোট গড়ে লড়েছিল বিজেপি ও শিবসেনা। ফল প্রকাশের পরে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব ও মন্ত্রিসভার অর্ধেক পদ দাবি করে তাতে অনড় থাকে শিবসেনা। অর্ধেক আসন পাওয়া ছোট শরিককে তারা যে মুখ্যমন্ত্রী পদ ও গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রক ছাড়বে না, সে কথা স্পষ্ট করে দেয় বিজেপি। শিবসেনা একের পর এক মন্তব্য করে গেলেও এবং নানা ভাবে হুমকি দিলেও এখন বিজেপির কোনও শীর্ষ নেতা এ নিয়ে বিশেষ কিছু বলেননি।
শিবসেনার দাবি, সরকার গড়া নিয়ে এখনও বিজেপির সঙ্গে তাদের কোনও কথাই হয়নি। তবে শনিবার শিবসেনা জানিয়েছে, জোটধর্ম পালন করতে তারা প্রস্তুত।