দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার সমুদ্রে স্নান করতে গিয়েছিল মুম্বইয়ের আন্ধেরির পাঁচ যুবক। ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায় সকলেই। তাদের তিনজনের দেহ পাওয়া গিয়েছে। একজন জীবন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। আর একজন এখনও নিখোঁজ। তার সন্ধানে সমুদ্রে নেমেছে ডুবুরি। আকাশ থেকে হেলিকপ্টারে নজর রাখা হচ্ছে, যদি সমুদ্রে কোথাও ভেসে ওঠে তার দেহ।
ওয়াসিম খান নামে ২২ বছরের এক যুবককে উদ্ধার করেছেন লাইফ গার্ডরা। যে তিনজনের দেহ পাওয়া গিয়েছে, তারা হল ফারদিন সওদাগর, সোহেইল খান ও নাজির গাজি।
ফয়সল খান নামে ১৭ বছরের একটি ছেলের খোঁজ নেই এখনও। তার জন্য শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে তল্লাশি চালাচ্ছেন নৌবাহিনীর ডুবুরিরা। সমুদ্র এখন যথেষ্ট উত্তাল। এই অবস্থায় তল্লাশি চালানোর কাজ হয়ে উঠছে কষ্টসাধ্য, বিপজ্জনক।
নৌবাহিনীর একটি চেতক হেলিকপ্টার সমুদ্রের ওপরে নজর রাখছে শুক্রবার সকাল আটটা থেকে।