
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 November 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দু-মাসের সন্তানকে কোলে নিয়ে চায়ের দোকানে চা খেতে এসেছিলেন 'বাবা-মা'। সেখানেই কোলের শিশুকে ফেলে রেখে পালিয়ে গেল তারা। খিদেতে কাতর শিশুটিকে স্তন্যদান করে তখনকার মতো শান্ত করেন আরেক মা। তবে 'বাবা-মা' আর ফিরে না আসায় শেষপর্যন্ত শিশুটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নবদ্বীপের রানিঘাটে একটি চায়ের দোকানে এসেছিলেন এক যুগল। তরুণীর কোলে ছিল দু'মাসের শিশু। নিজেদের সন্তান বলেই তার পরিচয় দিয়েছিলেন তারা। বেলা পড়তে চা খেয়ে সন্ধ্যারতি দেখতে যান যুগল। গঙ্গার পারে ঠান্ডা লাগতে পারে, এমন আশঙ্কায় দোকানিকে অনুরোধ করে শিশুটিকে চায়ের দোকানেই রেখে যান তাঁরা।
দোকানের মালিক বলেন, "একরত্তি শিশু। গঙ্গার হাওয়ায় অসুস্থ হয়ে পড়তে পারে এটা মনে করেই বাচ্চাটিকে রাখতে রাজি হয়েছিলাম। ওরাও বলেছিল, আরতি দেখেই ফিরে আসবে। কোলের শিশুকে এভাবে ফেলে রেখে যে চলে যাবে বুঝব কী করে!" তাও সন্ধের পরে রাত পর্যন্ত দোকানে অপেক্ষা করেছেন যদি ফিরে আসেন তাঁরা। ওদিকে শিশুটিও ততক্ষণে খিদেতে কাতর হয়ে পড়ে। তাঁর অনুরোধে তখন পাশের একজন বধূ এসে শিশুটিকে স্তন্যদান করেন। রাতে নিজের বাড়িতেই শিশুটিকে রেখে দেন চায়ের দোকানের মালিক।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখে পুলিশে খবর দেন তিনি। নবদ্বীপ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এখন সেখানেই রয়েছে শিশুটি। ওই যুগলের খোঁজ চালাচ্ছে পুলিশ। আদতেই তারা শিশুটির বাবা-মা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।