
শেষ আপডেট: 17 March 2023 17:46
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ছিল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Mujibur Rahman) ১০৩ তম জন্মবার্ষিকী। দিনটি সে দেশে ‘জাতীয় শিশু দিবস' হিসাবেও পালিত হয়। কলকাতায় বাংলাদেশ (Bangladesh)
উপ-হাইকমিশন অফিসে শুক্রবার দিনটি বিশেষ মর্যাদা সহকারে পালিত হয়েছে।
সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং 'মুজিব চিরঞ্জীব' মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা/কর্মচারিরা বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর ছাত্র জীবনের স্মৃতি-বিজড়িত ইসলামিয়া কলেজ (বর্তমানে মৌলানা আজাদ কলেজ)-এর বেকার গভর্নমেন্ট হোস্টেলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকালে উপ-হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দ্বিতীয় ধাপের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর এক আলোচনা সভার প্রধান অতিথি শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, বাঙালির নতুন আত্মপরিচয়, নতুন অহংকারের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ক্যারিশমেটিক নেতার জন্য মানুষ অকাতরে নিজের জীবন বিসর্জন দিতে রাজি ছিলেন। এমন নেতা পৃথিবীতে বিরল।
আলোচনা সভায় বক্তব্য পেশ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অঙ্গিকার শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যত উপহার দেওয়া।
স্বস্তিতে ইমরান! গ্রেফতার করা যাবে না, ৯টি মামলায় রক্ষাকবচ দিল আদালত