
শেষ আপডেট: 17 September 2023 16:52
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় চোখের সামনে অভাব দেখেছেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছেন প্রতিদিন। তাই জীবনে বড় কিছু সাফল্য পেলেও খুব বেশি আহ্লাদিত হন না।
মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) প্রশ্ন করা হয়েছিল আজ তো হায়দরাবাদী বিরিয়ানির দিন। তিনি হেসেই বলেছেন, ‘আজ সবকিছু পেয়েছি, এটা আমার কপালে লেখা ছিল। আমার ভাগ্যে যতটা থাকবে, সেটাই পাব। তারচেয়ে বেশিও পাব না, আমার কমও নয়। আজ সবটা আমার জন্য উপুড় করে দিয়েছে।’
ভারত যে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে দশ উইকেটে জিতল। শ্রীলঙ্কার ব্যাটাররা মাত্র ১৫ ওভার ব্যাটিং করতে পেরেছেন। তার বড় কারণ সিরাজ (Mohammed Siraj)। হায়দরাবাদের এই পেসারের বিধ্বংসী স্পেলে বিপক্ষ দল তছনছ হয়ে গিয়েছে। এর আগেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুবন্ততপূরমে চার উইকেট নিয়েছিলেন। রবিবার সেটাই নিয়েছেন এক ওভারে, বাকি দুটি উইকেট নিয়েছেন তারপরেও। সিরাজ বলেছেন, সাদা বলে সুইং করানোর দিকে নজর থাকে, আজ সেটাই করতে পেরেছি। আমার আউটসুইংগুলো ঠিকঠাক হয়েছে।
রবি শাস্ত্রী খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে সিরাজের হাতে দেন ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকার ম্যাচ সেরার অর্থ। তিনি সেটি কলম্বোর মাঠকর্মীদের দিয়ে দিয়েছেন। ছোটবেলা থেকে অভাবের সঙ্গে বেড়ে ওঠা মানবিক সিরাজ বলেছেন, ‘এই টুর্নামেন্টে মাঠকর্মীরা যেভাবে কাজ করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এটি হয়তো আমার তরফ থেকে ছোট্ট উপহার। কিন্তু সেটি দিতে পেরেই আমার ভাল লাগছে। তাঁদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই মাঠের আউটফিল্ড ও পিচ এতটা প্রাণবন্ত ছিল এত বৃষ্টির মধ্যেও।’
এমনকী এশীয় ক্রিকেট কাউন্সিলের তরফে সভাপতি জয় শাহ মাঠেই ঘোষণা করেছেন, মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলারের চেক।
২১ রানে ছয় উইকেট নিয়ে তিনি শিবিরের নায়ক হয়েছেন সিরাজ। তাঁকেই বিজয়ী ট্রফি স্পর্শের জন্য প্রথমে এগিয়ে দেন দলনেতা রোহিত শর্মা। এবার এই পুরস্কার অর্থ দান করে দেওয়ার ঘটনায় সিরাজ গ্যালারিরও হৃদয় জিতলেন। তাঁর এই ঘোষণার পরে মাঠকর্মীরাও করতালি দিয়ে বাহবা জানিয়েছেন।
সিরাজের দাপুটে রাজত্ব এশিয়া কাপের ফাইনালে, রাজামৌলি থেকে ভিকি সকলের মুখে একটাই নাম