দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, মিলেনিয়ালরা গাড়ি কিনছে না, তাই গাড়ি শিল্পে মন্দা দেখা দিয়েছে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও মিম দেখা গিয়েছিল। এবার অর্থনীতি নিয়ে বলতে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পীযূষ গয়াল।
বৃহস্পতিবার দিল্লিতে বোর্ড অব ট্রেডের বৈঠক ছিল। বৈঠকের পরে পীযূষ সাংবাদিকদের বলেন, টেলিভিশনের পর্দায় অর্থনীতি নিয়ে যেসব হিসাব দেখায় সেসব না দেখাই ভালো। তাঁর কোথায়, আপনারা যদি ৫ হাজার কোটি ডলারের অর্থনীতি চান তাহলে বছরে অর্থনীতির বিকাশ হতে হবে ১২ শতাংশ। এখন হচ্ছে ছয় শতাংশ। কিন্তু এই অঙ্কের মধ্যে যাবেন না। এই অঙ্কের সাহায্যে আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি। আপনারা যদি কেবল অতীতের ফর্মুলার মধ্যে আবদ্ধ থাকেন, তাহলে দুনিয়ায় নতুন কিছু আবিষ্কার হবে না।
মন্ত্রীর বক্তব্য শুনে অনেকেই টুইটারে ভুলটা ধরিয়ে দেন। তাঁরা বলেন, আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি। মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন নিউটন। প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, ইয়েস মিস্টার মিনিস্টার, মাধ্যাকর্ষণ আবিষ্কার করার জন্য আইনস্টাইনের কোনও অঙ্ক প্রয়োজন হয়নি। কারণ তাঁর আগেই নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করে গিয়েছিলেন। আমরা এখন অপেক্ষা করছি, কবে মানবসম্পদ মন্ত্রী বলবেন, আমাদের পূর্বপুরুষরা মাধ্যাকর্ষণ আবিষ্কার করে গিয়েছিলেন। হয়তো ইতিমধ্যে তিনি এই কথা বলেছেন।
https://twitter.com/Jairam_Ramesh/status/1172102737267347456
অর্থনীতির মন্দা নিয়ে কংগ্রেস বেশ কিছুদিন ধরে বিজেপির সমালোচনা করে আসছে। তাদের বক্তব্য, মোট জাতীয় উৎপাদনের বৃদ্ধি নেমে গিয়েছে ৩.৩ শতাংশে। নানা ক্ষেত্রে মানুষ চাকরি হারাচ্ছেন। এদিনই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইট করেছেন, ভারতের এখন প্রচার, ভুয়ো খবর বা মিলেনিয়ালদের নিয়ে বোকা বোকা মন্তব্যের দরকার নেই। অর্থনীতির হাল ফেরানোর জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার।
https://twitter.com/rahulpuri/status/1172082670391693312