দ্য ওয়াল ব্যুরো : দিল্লির বিজেপি প্রধান মনোজ তেওয়ারি বন্ধ বাড়ির তালা ভাঙছেন। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরেই শুরু হয়েছে বিতর্ক। রাজধানীতে যে বাড়িগুলি বেআইনিভাবে তৈরি হয়েছে অথবা যে সব বাড়িতে বেআইনিভাবে দোকান ও কারখানা চলছে, সেগুলি বন্ধ করে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেইমতো বিজেপি পরিচালিত পুরসভাগুলি কয়েক হাজার বাড়ি সিল করে দেয়। মনোজ তিওয়ারিকে সেরকমই একটি বাড়ির তালা ভাঙতে দেখা গিয়েছে।
https://twitter.com/ANI/status/1041509535368859649
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নোটবন্দি ও জিএসটি-র পরে এই সিল করার অভিযান দিল্লির অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। ওরা সকালে তালা দেয় আর সন্ধ্যায় তালা ভাঙে। ওরা কি মানুষকে বোকা মনে করে?
https://twitter.com/ArvindKejriwal/status/1041285765446160384
মনোজ তেওয়ারি নিজে বলেছেন, আমি গোকালপুরে গিয়েছিলাম। সেখানকার মানুষ বললেন, এখানকার সব বাড়িই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। কিন্তু সিল করা হয়েছে একটিই বাড়ি।
তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন, এইভাবে খেয়ালখুশিমতো কোনও বাড়ি যেন সিল না করা হয়। বিজেপি শাসিত পুরসভা বাড়ি সিল করলেও তিনি মেনে নেবেন না। কংগ্রেস ও আপকে সমালোচনা করে তিনি বলেন, ওই দলগুলির জন্যই রাজধানীতে এত বেআইনি কলোনি গড়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস বেআইনি বাড়ি সিল করার বিরুদ্ধে 'নয়া যুধ' নামে এক কর্মসূচি নিয়েছে। তারা বলেছে, মনোজ তেওয়ারি সহ দিল্লির সব বিজেপি এমপি-র পদত্যাগ করা উচিত। কেননা তাঁরা বেআইনি বাড়ি সিল করা থেকে মানুষকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন।