ঝিনুকের প্রিয় পদ খেতে গিয়ে, মুখের মধ্যে মুক্তো পেয়ে মুগ্ধ বৃদ্ধ!
দ্য ওয়াল ব্যুরো: এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্তো আছে... কিন্তু এমন যদি হয়, না খুঁজেই সেই মুক্তো ঝিনুকের ভেতর থেকে চলে এল আপনার হাতে, থুড়ি মুখে! চমকাবেন না, এমনটাই ঘটেছে নিউ ইয়র্কে।
রেস্তোরাঁয় বসে জমিয়ে লাঞ্চ করার পরিকল্পনা ছিল
শেষ আপডেট: 21 December 2018 05:07
দ্য ওয়াল ব্যুরো: এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্তো আছে... কিন্তু এমন যদি হয়, না খুঁজেই সেই মুক্তো ঝিনুকের ভেতর থেকে চলে এল আপনার হাতে, থুড়ি মুখে! চমকাবেন না, এমনটাই ঘটেছে নিউ ইয়র্কে।
রেস্তোরাঁয় বসে জমিয়ে লাঞ্চ করার পরিকল্পনা ছিল নিউ জার্সির বাসিন্দা রিক আন্তোশের। নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল অয়েস্টার বার অ্যান্ড রেস্টুরেন্টে বসে ৬৬ বছর বয়সি রিক অর্ডার করেন এক প্লেট প্যান অয়েস্টার রোস্ট। দিব্যি সুখে চিবোচ্ছিলেন প্রিয় ঝিনুকের মাংস, হঠাৎ কড়মড়িয়ে শক্ত কিছু ঠেকল দাঁতে। কাঁকড় নাকি! নাকি দাঁতই ভেঙে গেল!
এর কোনওটাই নয়। খাবার খেতে গিয়ে তিনি পেলেন আস্ত এক মুক্তো! তবে তাই নিয়ে রেস্তরাঁয় কোনও হইচই করেননি আন্তোশ। পকেটে করে মুক্তো নিয়ে চলে আসেন বাড়িতে। ফেরার পরে ফোন করেন রেস্তরাঁয়। জানতে চান, এমনটা সেখানে আগেও ঘটেছে কি না। রেস্তরাঁর ম্যানেজার জানান, এমনটা কখনও শোনেননি তিনি।
তবে ওই রেস্তরাঁর কার্যনির্বাহী শেফ স্যান্ডি ইঙ্গার বলেন, “এই রেস্তরাঁয় আমার ২৮ বছরের কর্মজীবনে খাবারের মধ্যে মুক্তো পাওয়ার ঘটনা এই নিয়ে দ্বিতীয় বার। এটা অত্যন্ত বিরল ঘটনা। তাই আকর্ষণীয় বিষয়ও বটে!”
আন্তোশের যে খাবারের অর্ডার করেছিলেন সেটির দাম ১৪.৭৫ ডলার। কিন্তু মুক্তোর দাম কত হতে পারে তা এখনও যাচাই করা হয়নি। তবে বাজারদর বলছে, ওই মুক্তোর দাম ২০০০ থেকে ৪০০০ ডলার হবে অবশ্যই। আন্তোশ তাই মজা করে বলছেন, “আমার জীবনে অর্ডার করা সেরা প্যান অয়েস্টার রোস্ট এটাই।”