
শেষ আপডেট: 14 March 2024 22:10
দ্য ওয়াল ব্যুরো: এসএসকেএমে পরীক্ষার পর মুখ্যমন্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার ছাড়পত্র দিলেন চিকিৎসকরা। এরপরই মুখ্যমন্ত্রীকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দেখা যায়, মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ। সামনের সিটে বসে রয়োেছেন। চিকিৎসকরা জানিয়েছে, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বিপদমুক্ত। শারীরিকভাবে প্রাথমিক আশঙ্কা কাটিয়ে উঠেছেন।
বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎই কপালে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুটা রক্তক্ষরণও হয় তাঁর। বৃহস্পতিবার রাত ঠিক সওয়া ৮টা নাগাদ তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে। তাতেই সামনে আসে মুখ্যমন্ত্রীর কপালের ঠিক মাঝখানে চোট লেগেছে। সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে নিয়ে এসএসকেএমে পৌঁছন। এসএসকেএমের উডবার্নে ভর্তি করা হয়। সেখানে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন।
এদিন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, কপালে দুটি স্টিচ করা হয়। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর চোট কতটা গভীর তা সম্পর্কে নিশ্চিত হতে বাঙুর ইন্সটিটিউট অব নিউরোলজির বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, আঘাত গুরুতর নয়। এরপরই বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে এদিন সন্ধেয় হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চিকিৎসকদের কাছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন।