
শেষ আপডেট: 17 August 2023 02:28
দ্য ওয়াল ব্যুরো: খেলা নিয়ে বরাবরই উৎসাহী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার তিন বড় ক্লাবের বিপদে-আপদে বরাবর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। গতবছর ক্লাবগুলিকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছিলেন তিনি। আর এবার ফের মহামেডান ক্লাবের (Mohammedan Club) দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুধবার বিকেলে সাদা-কালো ব্রিগেডের নতুন তাঁবু উদ্বোধন হল। মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শহরের মেয়র ফিরহাদ হাকিম-সহ সরকারের আরও কিছু মন্ত্রী, পুলিশের উচ্চপদস্থ অফিসার এবং তিন বড় ক্লাবের কর্তারা। আর সেই অনুষ্ঠানেই যোগ দিয়েই মহামেডানের গ্যালারি গড়তে ৬০ লাখ টাকা সরকারি সাহায্যের ঘোষণা করলেন মমতা।

২০২০ সাল থেকে দু’টি বড় ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে খেলছে। সঞ্জীব গোয়েঙ্কার এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর এটিকে মোহনবাগান (অধুনা মোহনবাগান সুপার জায়ান্টস) চলতি বছর আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে। এরমধ্যেই মুখ্যমন্ত্রী বললেন, পরের বছরের মধ্যেই মহামেডানকেও আইএসএলে দেখতে চান। সেইজন্য তিনিও কিছু আর্থিক সাহায্য করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মহামেডান সমর্থকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা দিলেন, ‘আপনারা একটাকা করে ক্লাবকে দিলেও অনেক টাকা উঠে যাবে। প্রয়োজনে নিজের থেকে আমিও যতটা পারব, দেব।’

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা আরও বলেন যে, ‘মহামেডান ক্লাবকে আগের সরকারি সাহায্য করা হয়েছে। ওঁরা সেই মতো ক্লাবের অনেক উন্নতি করেছে। মাঠটাও বেশ ভালই হয়েছে। তবে গ্যালারিটা ভরানো দরকার। ইস্টবেঙ্গল, মোহনবাগানের গ্যালারিতে চেয়ার আছে। কত খরচ হবে বাকেট চেয়ার বসাতে? আমি ৬০ লাখ টাকা দিয়ে যাচ্ছি। পরেরবার এসে যেন দেখতে পারি চেয়ার বসে গিয়েছে।’ তখন মঞ্চে উপস্থিত মহামেডান কর্মকর্তারাও সঙ্গে সঙ্গে সে কথায় মাথা নাড়েন এবং মুখ্যমন্ত্রীকে সাহায্যের জন্য ধন্যবাদ জানান।

এরপর নতুন ক্লাব তাঁবু উদ্বোধনের পর ভিতরে ঘুরে দেখেন মমতা। সঙ্গে ছিলেন প্রাক্তন খেলোয়াড় দীপেন্দু বিশ্বাসও। তাঁকে নিয়েই ক্লাবের ট্রফি রুম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মহামেডানের নতুন তাঁবুটি অনেকটাই লর্ডসের ব্যালকনির আদলে সাজানো হয়েছে। পাশাপাশি এই অনুষ্ঠানে শান-ই-মহামেডান জীবনকৃতি পুরস্কার দেওয়া হল প্রাক্তন গোলরক্ষক ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং প্রাক্তন ফুটবলার আসলাম পারভেজকে। সেইসঙ্গে, প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ সেলিমের হয়ে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করলেন পুত্র রশিদ আহমেদ।
'কলিঙ্গ যোদ্ধা' নন্দকুমারই ডার্বির নায়ক, যুবভারতী দেখল নতুন তারার উত্থান