.webp)
শেষ আপডেট: 14 March 2024 22:21
দ্য ওয়াল: এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বাড়ি ফিরলেন। এদিন রাতে মাথায় গুরুতর চোট (Head Injury) পেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ঠিক কীভাবে তাঁর মাথায় চোট লেগেছে তা এখনও অস্পষ্ট। সরকারি ভাবে তা জানানো হয়। শাসক দলও জানায়নি। তাঁর পারিবারিক সূত্রেও স্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি বাড়িতে ছিলেন না। হতে পারে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে ক্ষত তৈরি হয়েছে। এদিন তৃণমূল তাঁর যে ছবি পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে, তাঁর কপালের মাঝখান থেকে গল গল করে রক্ত পড়ছে। নাকের উপরেও ক্ষতের দাগ রয়েছে। আরও বড় কথা হল, হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে কপাল বেয়ে নেমে আসা রক্তের দাগ রয়ে গিয়েছে।
বাড়িতে ওই দুর্ঘটনার পর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদিকে হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর পরিবারের বাকি কয়েকজন সদস্যও। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর কপালে চারটে সেলাই পড়েছে। রক্ত বন্ধ হয়েছে। উডবার্ন ওয়ার্ডে সেই চিকিৎসার পর তাঁকে হুইলচেয়ারে করে নিউরো বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়।
রাত পৌনে ১০টা নাগাদ সেখান থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তার পর সোজা রওনা দেন বাড়ির উদ্দেশে। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর হাসপাতালে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি হাসপাতালে ঢুকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
গত তিন বছরে এই নিয়ে চার বার গুরুতর চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রায় দেড় মাস তাঁর পায়ে প্লাস্টার ছিল।
এর পর পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে গিয়ে তাঁর হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ে। জরুরি অবতরণের সময়ে তাঁর কোমরে ও পায়ে চোট লাগে।
গত ২৪ জানুয়ারি বর্ধমানে প্রশাসনিক সভা করতে গিয়ে ফের মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কনভয়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ায় চালক জোরে ব্রেক কষেন। তাতে তার মাথা উইন্ড স্ক্রিনে ঠুকে যায়।
এর পর আবার এদিন অর্থাৎ ১৪ মার্চ মাথায় গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী। একের পর এক ফাঁড়া যাচ্ছে তাঁর।