
কুণাল ঘোষ।
শেষ আপডেট: 17 July 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বেলায় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনটি পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যা নিয়ে নতুন করে শোরগোল রাজ্য রাজনীতিতে। সরগরম নেট পাড়াও।
এদিন সকাল ১১টা ১৯ মিনিটে কুণাল প্রথম একটি টুইট করেন। তাতে এক যুবককে মদ্যপ অবস্থায় উত্তর কলকাতার রাস্তায় গড়াগড়ি খেতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে কুণাল লেখেন, "উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং কি মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল? ছবি ও ভিডিও পেলাম। ওর লোকজনই দিল। সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি কি খোঁজখবর নেবে?"
উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং কি মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল? ছবি ও ভিডিও পেলাম। ওর লোকজনই দিল। সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি কি খোঁজখবর নেবে? pic.twitter.com/zORrdd4oqc
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 17, 2024
পাঁচ মিনিট পরে এ ব্যাপারে দ্বিতীয় টুইটে কুণাল আরও কিছু ছবি আপলোড করেন। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষদের দেখা যায়।
উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং মাতাল হয়ে গড়াগড়ি। ওর লোকেরাই দিল। ছবি, ভিডিওর সত্যতা যাচাই করিনি। অনেকের সঙ্গে ছবি দেখছি। ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো? বিজেপি কিছু বলবে? pic.twitter.com/PpPbtYVRrL
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 17, 2024
৩০ মিনিটের ব্যবধানে আরও কিছু ছবি আপলোড করেন কুণাল। সেখানে একই ফ্রেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কাউন্সিলর সজল ঘোষের সঙ্গেও দেখা যাচ্ছে ওই যুবককে। পরের দুটি টুইটের ক্যাপশনে কুণাল লিখেছেন, "অনেকের সঙ্গে ছবি দেখছি। ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো? বিজেপি কিছু বলবে?"
উত্তর কলকাতা বিজেপির যুব মোর্চা সভাপতি সূরয সিং। মাতাল হয়ে রাতে গড়াগড়ি। ওর লোকেরাই ছবি, ভিডিও দিল। যাচাই করা সম্ভব হয়নি। বিজেপি কিছু বলুক। আর সঙ্গে ছবি থাকলেই অপকর্মের সঙ্গী ভাবা যায় কিনা, ওদের নেতারা বলুন। pic.twitter.com/CdGewQ8OHf
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 17, 2024
কুণালের এহেন ছবি ঘিরে শোরগোল তৈরি হয়েছে বিজেপির অন্দরেও। সম্প্রতি বেলঘোরিয়ায় কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং ইস্যুতে বিভিন্ন তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। অনেকের মতে, সে কারণেই এদিনের ছবি টুইট করে কুণাল পাল্টা প্রশ্ন তুলেছেন, "ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো?"
এদিকে কুণাল যখন এই পোস্টটি করেছেন তখন সায়েন্স সিটিতে বৌঠ বিপর্যয়ের বৈঠকে বসেছে পদ্মশিবির। টেলিফোনে দ্য ওয়ালকে তমোঘ্ন ঘোষ বলেন, "দলের মিটিংয়ে ব্যস্ত রয়েছে। ছবিগুলির সত্যতা যাচাই না করে কিছু বলতে পারব না।"
এদিকে কুণালের টুইটকে ঘিরে কমেন্ট বক্সে উপচে পড়ছে একাধিক মন্তব্য। এহেন পরিস্থিতির জন্য কেউ কেউ দায়ী করেছেন তৃণমূলের সরকারকেই। সৌমেন বাচার নামে একজন কটাক্ষের সুরে লিখেছেন, "আপনাদের দেওয়া মদের ঢালাও লাইসেন্সের জন্য আনাচে কানাচে মদের দোকান গজিয়েছে। ফলে প্রচুর নতুন নতুন মাতাল উৎপন্ন হয়েছে। আর এরাই পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বড় অংশের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে। তাই এই মাতালদের নিয়ে হাসাহাসি বা ছোট করবেন না, বরং মাইবাপ বলে সম্মান করুন।"
সুরো এম নামে অপর একজন লিখেছেন, "আপনি এসব ছেড়ে আগে বলুন উত্তর কলকাতায় কোন রাজনৈতিক দলের সভাপতি কিভাবে 'সুরজ সিং' নামক কোন বহিরাগত হতে পারে? আপনারা আর বিজেপি মিলে কি রাজ্যটাকে পুরোপুরি বিহার-ইউপি না বানিয়ে ছাড়বেন না?"
অপর এক নেট নাগরিক লিখেছেন, "তৃণমূলের যুবরা সামাজিক বিচারক, মানুষ পেটায়। এ তো অন্তত নিজে মাতাল হয়ে রাস্তায় পড়ে ছিল, মানুষকে মাড়িয়ে দিচ্ছিল না। লেখার আগে লজ্জার খেয়াল রাখবেন- আমরা বাঙালি তো।" পার্থ রায়চৌধুরী নামে অপর একজন লিখেছেন,"এই সব গুটখা খেকো লোকগুলোই কলকাতাকে বদনাম করে রেখেছে। সব ফুটপাত কব্জা এদের হাতে। এগুলোকে যত তাড়াতাড়ি গোবর প্রদেশে পাঠানো যায় তত আমাদের মঙ্গল। এরাই কলকাতাকে কোলকাত্তা বানিয়েছে।"