.webp)
প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা
শেষ আপডেট: 24 May 2024 23:50
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন থেকে পড়ে মৃত্যু হল সিপিএমের বর্ষীয়ান নেতা সুভাষ মুখোপাধ্যায়ের। শুক্রবার সস্ত্রীক ছেলের বাড়ি থেকে ফিরছিলেন সুভাষবাবু। তখনই ঘটে মর্মান্তিক পরিণতি।
কোন্নগর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন সুভাষ মুখোপাধ্যায়। কোন্নগর মাস্টারপাড়ার বাসিন্দা সুভাষ মুখোপাধ্যায়ের ছেলে কৌশিক দিল্লিতে থাকেন। এদিন রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে স্ত্রীর সঙ্গে ফেরেন তিনি। এরপর হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে বাড়ি আসছিলেন দম্পতি। ব্যাগপত্র থাকায় ট্রেনের ধারে দাঁড়িয়েছিলেন সুভাষবাবু। আচমকাই বেলুড় ও বালি স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে যান তিনি।
দ্রুত বেলুড় জিআরপি বর্ষীয়ান সিপিএম নেতাকে উদ্ধার করে উত্তরপাড়ার স্টেশনের কাছে নার্সিংহোমে ভর্তি করে। সেখানেই সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছন স্থানীয় সিপিএম নেতৃত্ব । যান প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায়।
সুভাষ মুখোপাধ্যায় ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কোন্নগর পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া সক্রিয়ভাবে সংগঠনের দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যুতে পরিবার সহ সিপিএম নেতৃত্বের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।