
দিলীপ ঘোষ
শেষ আপডেট: 24 September 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবনের সামনে টানা ধর্না দিয়ে, রাজ্য সরকারের সঙ্গে একাধিক বৈঠক করে তাঁরা প্রশাসনিক পদে কিছু বদল ঘটাতেও পেরেছেন। কিন্তু তাঁদের এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ! আন্দোলনে কার কী লাভ হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ-অবস্থানে সামিল হয়েছিলেন সাধারণ মানুষও। পথে নেমে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। এখনও আরজি কর কাণ্ডের বিরোধিতা করে রাস্তায় নামছে আমজনতা। ডাক্তাররা ধর্না তুলে কাজে ফিরলেও তাঁরা রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যদিও তাঁদের যাবতীয় কর্মসূচিকে নাটক বলেছেন দিলীপ ঘোষ।
আরজি কর নিয়ে হওয়া আন্দোলনের সমালোচনা করে পূর্ব বর্ধমানের এক কর্মসূচি থেকে বিজেপি নেতার প্রশ্ন, ''এত নাটক করে কী লাভ হল? মোমবাতি জ্বেলে, হাততালি দিয়ে, নেচে কী পাওয়া গেল? যাঁদের বদলি করা হল, তাঁরা প্রমোশন পেলেন। এদিকে দেড় মাস কেন মানুষ কষ্ট করলেন?'' হাসপাতালের অব্যবস্থার কোনও পরিবর্তন হল কিনা, সেই প্রশ্ন মানুষের মনে ঘুরছে বলে দাবি করেছেন দিলীপ।
জুনিয়র ডাক্তাররা অবশ্য এই মন্তব্যের বিরোধিতা করে বলেছেন, নাটক বলে আদতে সাধারণ মানুষকে ছোট করা হয়েছে। আর যেটুকু পরিবর্তন হয়েছে, তা আন্দোলনের জেরেই হয়েছে। পাশাপাশি তাঁরা এও মনে করিয়ে দিয়েছেন, আন্দোলন এখনও বন্ধ হয়ে যায়নি। তা বিচার না পাওয়া পর্যন্ত চলতে থাকবে।
পুলিশ কমিশনার এবং দুই স্বাস্থ্যকর্তার অপসারণের পর জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন। যদিও তাঁরা স্পষ্ট জানিয়েছেন, এই কাজে ফেরা আংশিক। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা সময়ের মধ্যে পূরণ না হলে আবার তাঁরা অবস্থান-বিক্ষোভ শুরু করতে পারেন। তবে সুপ্রিম কোর্টে আরজি কর মামলা ফের একবার পিছিয়ে যাওয়ায় তাঁরা কার্যত ক্ষুব্ধ। বারবার মামলা পিছিয়ে যাওয়ার জন্য কোনও রাজনৈতিক দল কেন সরব হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।