কেরলে সংক্রমণ বাড়ছে, আক্রান্ত আরও ১০! ফের আগ্রাসী টেস্টিং করতে চায় সরকার, বাধা কিট
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার আরও ১০টি নতুন করোনা পজিটিভ কেস ধরা পড়েছে কেরলে। এর পরেই করোনা মোকাবিলায় আরও কড়া অবস্থান নিল সে রাজ্যের প্রশাসন। হটস্পটগুলিতে ব়্যান্ডম পরীক্ষা শুরু হবে এবার। আরও নিবিড় অনুসন্ধান করে খুঁজে বার করা হবে কে বা ক
শেষ আপডেট: 24 April 2020 03:31
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার আরও ১০টি নতুন করোনা পজিটিভ কেস ধরা পড়েছে কেরলে। এর পরেই করোনা মোকাবিলায় আরও কড়া অবস্থান নিল সে রাজ্যের প্রশাসন। হটস্পটগুলিতে ব়্যান্ডম পরীক্ষা শুরু হবে এবার। আরও নিবিড় অনুসন্ধান করে খুঁজে বার করা হবে কে বা কারা কোনও না কোনও ভাবে করোনা রোগীর সংস্পর্শে এসেছেন। তৃতীয় স্টেজে অর্থাৎ গোষ্ঠী সংক্রমণে পৌঁছনোর আগেই একে রুখে দিতে বদ্ধপরিকর এই দক্ষিণী রাজ্য।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, "এবার পুলিশ, স্বাস্থ্যকর্মী, ডেলিভারিম্যান, অতিথি শ্রমিক-- এঁদের মধ্যে আরও বেশি করে টেস্ট হবে। তাঁদেরই যেহেতু বেশি সম্ভাবনা বেশি মানুষের সংস্পর্শে আসার, তাই তাঁরা গুরুত্ব পাবেন। কোনও ভাবেই যাতে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে না পরে, তা রুখতে আমরা সর্বোত্তম চেষ্টা করছি।"
বস্তুত, এ সপ্তাহের গোড়া থেকেই আচমকা বিপদ বেড়েছে কেরলে। মঙ্গলবারই এ রাজ্যে নতুন করে ধরা পড়েছিল ১৯ জনের করোনা সংক্রমণ। ফলে রীতিমতো ভারী হয়েছে আশঙ্কার পাল্লা। সূত্রের খবর, সংক্রমণের চেন সবে ভাঙতে শুরু করেছিল দক্ষিণের এই রাজ্যে। তার পরেই সামান্য আলগা দেওয়াই কাল হয়েছে। দ্রুত সেরে ওঠার সংখ্যা বাড়ার ট্রেন্ড বদলে যেতে শুরু করেছে হঠাৎ।
এর মধ্যেই কেন্দ্রের দেওয়া টেস্ট কিট নিয়ে অন্য আরও একাধিক রাজ্যের মতোই অখুশি কেরলও। সংক্রমণ রুখতে লকডাউনের পাশাপাশি যে সবচেয়ে জরুরি টেস্টিং, তা প্রথম থেকেই অন্য অনেক রাজ্যের তুলনায় বেশি সংখ্যায় করেছে কেরল। ফলও পেয়েছে তার। তবে এবার কিটের সংখ্যায় ঘাটতি পড়তে পারে বলে সরকারি সূত্রের খবর। ফলে প্রথম দফায় এই টেস্টিংয়ে ঠিক যতটা আগ্রাসী ছিল কেরল, এবার ততটা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে।
লকডাউন ও টেস্টিংয়ের যুগ্ম সাফল্যে করোনা রোধে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছিল কেরল। শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরেও উচ্চ প্রশংসিত হয়েছিল ‘কেরল মডেল’। কিন্তু হঠাৎই বদলে গিয়েছে সংক্রমণের ধরন ও গতিমুখ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে যাঁদের করোনা সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের অনেকেরই বিদেশভ্রমণের ইতিহাস রয়েছে। কিন্তু এঁরা সকলেই নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে ছিলেন। তার পরেও নতুন করে শরীরে করোনা বাসা বাঁধার ঘটনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল কেরলের কাছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে সে রাজ্যে করোনা আখ্রান্ত রোগীর সংখ্যা ৪৪৭। তার মধ্যে অবশ্য ৩২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃতের সংখ্যা তিন পর্যন্তই আটকে রাখতে পেরেছে কেরল।