দ্য ওয়াল ব্যুরো :কর্ণাটকের পাঁচ কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল শনিবার। মঙ্গলবার কর্ণাটকে প্রকাশিত হবে ফল। যে পাঁচটি কেন্দ্রে ভোট হয়েছিল, তার মধ্যে আছে শিবমোগা, বল্লারি ও মান্ড্য, এই তিন লোকসভা কেন্দ্র ও জামখান্ডি ও রামনগর, এই দুই বিধানসভা কেন্দ্র। শাসক কংগ্রেস-জেডি এস জোট এবং বিজেপি, উভয়ের কাছে এই উপনির্বাচনের ফল বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তাতে বোঝা যাবে, ২০১৯ এর লোকসভা ভোট কর্ণাটকে কী হতে চলেছে।
তিন লোকসভা কেন্দ্রের মধ্যে শিবমোগা ছিল বিজেপির দখলে। ওই অঞ্চলটি বিজেপির শীর্ষ নেতা বি এস ইয়েদুরাপ্পার শক্ত ঘাঁটি। তিনি শিবমোগা কেন্দ্রের সাংসদ ছিলেন। বিধানসভা ভোটে লড়বেন বলে ইস্তফা দেন। ওই কেন্দ্রটি ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ।
বল্লারি কেন্দ্রে খনি মালিক রেড্ডি ভাইদের প্রভাব আছে। সেখানকার সাংসদ ছিলেন বিজেপির দাপুটে নেতা বলে পরিচিত বি শ্রীরামুলু। তিনিও বিধানসভা ভোটে লড়বেন বলে ইস্তফা দেন। তাঁর বোন জে শান্তা সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন। ওই লোকসভা কেন্দ্রের মধ্যে আটটি বিধানসভা আছে। তার ছটি কংগ্রেসের দখলে। কংগ্রেস আশা করছে লোকসভা কেন্দ্রটিও এবার পাবে তারা।
মান্ড্য জেডি এসের শক্ত ঘাঁটি।
গত বিধানসভা ভোটের পরে কংগ্রেস ও জেডি এস জোট বেঁধে বিজেপিকে ক্ষমতায় আসতে দেয়নি। উপনির্বাচনে ভালো ফল করলে বিজেপির মনোবল বাড়বে। অন্যদিকে কংগ্রেস জেডি এসের ফল ভালো হলে আগামী দিনে অটুট থাকবে দুই দলের ঐক্য।