
শেষ আপডেট: 11 February 2023 06:32
দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক কোটি ৪০লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। সেই ব্যবসায়ীর নাম মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিত্তি (Jitti Bhai)। তারপর প্রেস রিলিজ জারি করে এক মন্ত্রীর যোগের কথাও বলেছিল কেন্দ্রীয় এজেন্সিটি। দেখা যায় ওই প্রেস রিলিজের অংশ তুলে ধরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও দু’টি ছবি টুইট করেছেন। তাতে ভবানীপুর গুরুদ্বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে রয়েছেন জিত্তি ভাই। একইসঙ্গে মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের (Kartick Banerjee) সঙ্গেও বসে আড্ডা দেওয়ার ছবি টুইট করেছেন বিরোধী দলনেতা। এরপরেই শুভেন্দুর সঙ্গে জিত্তি ভাইয়ের ছবি বাজারে ছেড়ে দিলেন কার্তিকও।
সংবাদমাধ্যমে কার্তিক বলেন, ‘ও (পড়ুন শুভেন্দু) বলেছিল, কালীঘাটে পদ্ম ফোটাবে। করতে পারেনি বলেই ওর গায়ে এত জ্বালা।’ সেইসঙ্গে আরও একটি ছবি সংবাদমাধ্যমে দেখান কার্তিক। তাতে আবার দেখা যাচ্ছে, কার্তিক যে বিবেক মেলার আয়োজন করেন সেই মঞ্চে রয়েছেন শুভেন্দু, কার্তিকের স্ত্রী কাজরী এবং জিত্তি ভাই। ওই ছবি দেখিয়ে কার্তিক বোঝাতে চান, ছবি মানেই কি তাঁর সঙ্গে সম্পর্ক আছে? তাহলে শুভেন্দুর সঙ্গেও তো ছবি রয়েছে জিত্তি ভাইয়ের।
একুশের ভোটের আগে কার্তিকের সঙ্গে তৃণমূলের দূরত্ব এবং শুভেন্দুর কাছাকাছি থাকার কথা রাজনীতিতে মোটামুটি সবার জানা। কার্তিকের বিবেক মেলার উদ্বোধনে গিয়েছিলেন শুভেন্দু। সেই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু প্রায় প্রতিটি জনসভায় বলতেন, ‘বাবুসোনা, একটু দাঁড়াও। তোমার বাড়িতেও পদ্মফুল ফোটাব।’ কার্তিককে যে তিনি বিজেপিতে নিয়ে আসতে চান সে কথা শুভেন্দু ঘরোয়া ভাবে অনেককেই বলে বেরিয়েছিলেন। এমনকি একদিন বিধানসভায় আড্ডা দিতে গিয়ে কংগ্রেস নেতা আবদুল মান্নানের কাছেও সেই গল্প পেড়েছিলেন শুভেন্দু।
কিন্তু তা আর শেষপর্যন্ত হয়নি। একুশের ভোটের পর কার্তিকের সঙ্গে মমতা-অভিষেকের দূরত্বও কমেছে। কাজরী বন্দ্যোপাধ্যায়কে পুরসভা ভোটে টিকিট দিয়ে কাউন্সিলর করেছে শাসকদল। এখন সেই কার্তিক গর্জে উঠলেন শুভেন্দুর বিরুদ্ধে।
তাঁর কথায়, ‘ও যখন মালদহ, মুর্শিদাবাদে পর্যবেক্ষক ছিল তখন কীই না করেছে। তারপর বিজেপিতে গিয়ে ওই ছেলেগুলোর সর্বনাশ করেছে। বিজেপি এসব ফালতু লোকজন নিয়ে চলছে। তাই ওদের কিছু হচ্ছে না।’
বিরোধী দলনেতার স্বীকৃতি বাতিল, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সরকার