
শেষ আপডেট: 11 October 2021 13:25
মৃত কিশোরের মায়ের নাম হাসিনা বানু। টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, তিনি ব্রহ্মপুত্র নদের তীরে এক প্রত্যন্ত গ্রামে বাস করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ওরা আমার ছেলেকে খুন করেছে।"
প্রবন্ধ লেখকের বক্তব্য, অসমে বাঙালি মুসলিমদের জমি কেড়ে নিয়ে সরকার তা হিন্দুদের দিতে চেয়েছিল। হিন্দুদের সরকার বলছে 'ভূমিপুত্র'। উচ্ছেদের বিরুদ্ধে যাঁরা প্রতিবাদ জানাচ্ছিলেন, পুলিশ তাঁদের ওপরে গুলি চালায়। তখনই শেখ ফরিদ নামে ওই বালকটি মারা যায়। মৃত্যুর কিছুক্ষণ আগেই সে পোস্ট অফিস থেকে নিজের ন্যাশনাল বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন কার্ড সংগ্রহ করেছিল। ওই কার্ড তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয়।
লেখক এরপর সরাসরি বলেছেন, এক বালক যেভাবে মারা গিয়েছে, তা ভারতের জাতীয় লজ্জা। পুলিশ অন্ধ আক্রোশে ফরিদের প্রতিবেশীদের লাঠিপেটা করেছে। পাঁচ হাজার লোকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মইনুল হক নামে আর এক ব্যক্তি গুলিতে মারা গিয়েছেন। পুলিশরা তাঁর চেয়ে সংখ্যায় অনেক বেশি ছিল। তাঁকে সহজেই গ্রেফতার করা যেতে পারত। কিন্তু ওই ব্যক্তিকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়েছে।
ছবিতে দেখা গিয়েছে, মইনুল মারা যাওয়ার পরেও পুলিশ তার দেহের ওপরে লাঠি দিয়ে মারছে। পুলিশ টিমের সঙ্গে ছিল বিজয় বানিয়া নামে এক হিন্দু ফটোগ্রাফার। সে মৃতদেহের ওপরে লাফিয়েছে। ঘৃণা প্রকাশ করার জন্যই সে ওই কাজ করেছিল।
এর পরে প্রবন্ধে লেখা হয়েছে, ভারতের ৮৪ শতাংশ মানুষ হিন্দু। সেদেশে জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ মুসলিম। কিন্তু ভারতীয় জনতা পার্টি আশ্চর্যজনক সাফল্যের সঙ্গে হিন্দুদের বুঝিয়েছে, তারা অত্যাচারিত হচ্ছে। ভুয়ো তথ্য, ঘৃণাপূর্ণ ভাষণ, পুরানো ধর্মীয় বিরোধ উস্কে তোলা, মিডিয়াকে নানাভাবে প্রভাবিত করা ইত্যাদি উপায়ে তারা মানুষকে বিশ্বাস করিয়েছে 'হিন্দু খতরেঁ মে হ্যায়'।
এর ফলে বহু হিন্দু এখন মনে করেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা এখন মুসলিমরা। ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার আগে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতেন, দেশের প্রধান সমস্যা হল বেকারত্ব, অর্থনৈতিক বিকাশের ধীর গতি ও দুর্নীতি। মোদী আশ্বাস দিয়েছিলেন, এই সমস্যাগুলির সমাধান করবেন। কিন্তু তাঁর আমলে অর্থনীতির অবস্থা খারাপ হতে শুরু করে। বেকারত্ব বৃদ্ধি পায়। বিজেপি মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য হিন্দুত্ববাদী রাজনীতির ওপরে নির্ভরশীল হয়ে ওঠে।
বিজেপির সমালোচনা করে টাইম ম্যাগাজিনের প্রবন্ধকার লিখেছেন, তারা প্রচার করে, মুসলিমরা হিন্দু নারীদের প্রতি খারাপ দৃষ্টি দেয়। তারা ভবিষ্যতে সংখ্যায় হিন্দুদের চেয়ে বেড়ে যাবে। একসময় তারা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ভারতে এখন 'লাভ জেহাদ', গোহত্যা এবং ধর্মান্তরের বিরুদ্ধে আইন হয়েছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি নিয়মিত মুসলিম হকার ও শ্রমিকদের আক্রমণ করছে। মুসলিম ব্যবসায়ীদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে।
প্রবন্ধের শেষে বলা হয়েছে, "ভারতে সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্বের স্বঘোষিত রক্ষকরা প্রচুর ভিডিও পোস্ট করে। তাতে মুসলিমদের পিটিয়ে মারার আহ্বান জানানো হয়।" টাইম ম্যাগাজিনের বক্তব্য, মুসলিমদের মারার ঘটনা এখন এত ঘন ঘন ঘটে যে ভারতে তা খবর হিসাবেই গণ্য করা হয় না। সেদেশে কাউকে 'মুসলিমদের মতো দেখতে' হলেই মানুষ উত্তেজিত হতে পারে। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচারে বলেছিলেন, যারা অশান্তি সৃষ্টি করছে, দেখলেই বোঝা যায় তারা মুসলিম।