ট্রেন সফরে ২৫ লক্ষ টাকার বিমা, লেট করলেই ক্ষতিপূরণ, তেজসে চমক আনছে আইআরসিটিসি
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি)হাত ধরে দিল্লি-লখনৌ প্রথম তেজস এক্সপ্রেস চালু হয়েছিল আগেই। এবার আহমেদাবাদ থেকে মুম্বই অবধি ছুটবে দুরন্ত গতির এই ট্রেন। ট্রেনের সময়ে বিলম্ব নিয়ে যাত্রীদের বিস্তর
শেষ আপডেট: 27 December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি)হাত ধরে দিল্লি-লখনৌ প্রথম তেজস এক্সপ্রেস চালু হয়েছিল আগেই। এবার আহমেদাবাদ থেকে মুম্বই অবধি ছুটবে দুরন্ত গতির এই ট্রেন। ট্রেনের সময়ে বিলম্ব নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ-অনুযোগের পরে প্রবণতা ভেঙে বেশ কিছু বদল আনছে আইআরসিটিসি। ট্রেন দেরি করলেই যাত্রীরা পাবেন ক্ষতিপূরণ, তা ছাড়া ট্রেন সফরে থাকছে বিমার ব্যবস্থাও।
রাষ্ট্রায়ত্ত এই সংস্থা জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি থেকে আহমেদাবাদ-মুম্বই রুটে চলবে তেজস এক্সপ্রেস। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছ’দিনই ছুটবে ট্রেন। প্রথম তেজসের ঘাটতি পূরণে এবার থেকে ট্রেন যাত্রীদের জন্য থাকবে বিশেষ কিছু সুবিধা। ট্রেন এক ঘণ্টার বেশি দেরিতে পৌঁছলেই ক্ষতিপূরণ দেওয়া হবে।
কেমন হতে পারে ক্ষতিপূরণের অঙ্ক? আইআরসিটিসি জানিয়েছে, ট্রেন এক ঘণ্টার বেশি দেরিতে পৌঁছলে ১০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। দু’ঘণ্টা বা তার বেশি দেরি হলে ক্ষতিপূরণের পরিমাণ হবে ২৫০ টাকা। তা ছাড়া ট্রেন সফরে যাত্রীদের জন্য থাকবে বিমার ব্যবস্থাও। তার সর্বোচ্চ অঙ্ক হবে ২৫ লক্ষ টাকা পর্যন্ত। তার মধ্যে ট্রেনে কোনও জিনিস খোয়া গেলে বা চুরি-ডাকাতি হলে তার জন্য থাকবে বিশেষ ১ লক্ষ টাকার বিমার ব্যবস্থা।

তেজসের ভাড়া হতে পারে শতাব্দী এক্সপ্রেসের হারেই। প্রায় ৯ ঘণ্টার তেজস সফরে যে ভাড়া যাত্রীদের গুনতে হবে, তা শতাব্দীর প্রাথমিক ভাড়া থেকে ২০ শতাংশ বেশি। উৎসবের মরসুমে সেটা বেড়ে হবে প্রায় ৩০ শতাংশ। থাকবে ই-টিকিটের ব্যবস্থাও।
ভারতীয় রেলের সুপার ফেসিলিটি ট্রেনগুলির মধ্যে তেজস এক্সপ্রেস অন্যতম। এই ট্রেনটির প্রত্যেকটি জার্মান কোচ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। এলইডি স্ক্রিন, কফি মেশিন ও ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। ট্রেনের সব দরজাই স্বয়ংসক্রিয়। ১৩টি কামরা বিশিষ্ট ট্রেনটিতে রয়েছে একটি এগজিকিউটিভ কোচ।