দ্য ওয়াল ব্যুরো: দাঙ্গা ঠেকাতে শ্রীলঙ্কায় সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ–এর পরিষেবা। কিছু মসজিদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হওয়ার পর সোমবার শ্রীলঙ্কার প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মুসলিম জঙ্গি সংগঠনের হামলায় ইস্টার রক্তস্নাত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত দাঙ্গার খবর আসছিল। রবিবার দেশের পশ্চিম উপকূলবর্তী ক্রিশ্চান অধুষ্যিত চিল্ব শহরে কয়েকটি মসজিদ ও কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলা হয়। ফেসবুক পোস্ট থেকেই প্রাথমিক ভাবে উত্তেজনা ছড়িয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ৩৮ বছরের আবদুল হামিদ মহম্মদ হাসমার তার ফেসবুক দেওয়ালে ''একদিন তোমাদের কাঁদতে হবে'' বলে একটি পোস্ট করে। তার এই পোস্ট আসলে আবার একটি জঙ্গি হামলার হুমকি বলে ভেবে নেয় অনেকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা আয়ত্ত্বে আনতে আবদুল হামিদকে আটক করে পুলিশ। রবিবার গভীর রাতে এবং সোমবার ভোরে কুরুনেগালা জেলা থেকে মুসলিম মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের পক্ষ থেকে উপদ্রুত অঞ্চলে কারফিউ জারি করা হয় বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু। মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইস্টারের অভূতপূর্ব জঙ্গি হামলার পর মসজিদ ও মুসলিম সাধারণ মানুষদের বাড়ি আক্রান্ত হচ্ছে। চারদিক থেকে হেনস্থা হওয়ার খবর আসছে। অন্যদিকে অমুসলিম জনগোষ্ঠীর অভিযোগ ইসলামি জঙ্গি সংগঠনের ক্রমাগত হুমকির বিরুদ্ধে সরকার কোনও কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এখনও পর্যন্ত প্রশাসন সমস্ত সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের গ্রেফতারও করে উঠতে পারেনি।
দেশের সাম্প্রতিক অবস্থা বিবেচনা করে গুজব এবং মিথ্যে সংবাদ ছড়ানো বন্ধ করার জন্য শ্রীলঙ্কা সরকার সাময়িক ভাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পরিষেবা নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানানো হয়েছে প্রশাসনিক সূত্রে। সরকারের তথ্য দফতরের ডিরেক্টর জেনারেল সংবাদ সংস্থাকে জানান ''দেশের শান্তি বজায় রাখার জন্য সাময়িক ভাবে শ্যোশাল মিডিয়াকে ব্লক করা হল।'' শ্রীলঙ্কার প্রধান মোবাইল অপারেটর 'ডায়লগ' তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভিবার, আইএমও, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং ইউটিউব পরিষেবাকেও প্রশাসনের পক্ষ থেকে ব্লক করতে বলা হয়েছে।