দ্য ওয়াল ব্যুরো : সব নিয়ম ভেঙে ভারতকে বিশেষ মর্যাদা, স্পেশ্যাল স্ট্যাটাস অথরাইজেশন ওয়ান (STA-1) দিল আমেরিকা। এর ফলে মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি আমদানি করতে পারবে ভারত। এশিয়ায় মাত্র দুটি দেশ, জাপান ও উত্তর কোরিয়াকে আমেরিকা এই মর্যাদা দিয়েছে। এমনকী আমেরিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইজরায়েলও এই মর্যাদা পায়নি।
সাধারণত আমেরিকা সেই দেশগুলিকেই স্পেশ্যাল স্টেটাস ওয়ান দেয়, যারা আগেই চারটি চুক্তিতে সই করেছে। সেগুলি হল, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ চুক্তি, ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট, অস্ট্রেলিয়া গ্রুপ এবং এনএসজি। ভারত এখনও এনএসজি চুক্তিতে সই করেনি। অপর তিনটি চুক্তিতে অবশ্য সই করেছে। চিন আপত্তি জানিয়ে বলেছিল, এনএসজি চুক্তিতে সই করার আগে ভারতকে যেন স্পেশ্যাল স্ট্যাটাস না দেওয়া হয়। আমেরিকা তাতে কান দেয়নি।
আমেরিকার প্রশাসন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের ঘনিষ্ঠ মিত্র। দুই দেশ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পরমাণু অস্ত্রের প্রসার রোধের চেষ্টা করবে।