দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ওড়িশার সম্বলপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারে তল্লাশি করেছিলেন আইএএস অফিসার মহম্মদ মহসিন। নির্বাচন কমিশন তাঁকে সাসপেন্ড করেছে। অভিযোগ, তিনি স্পেশ্যাল প্রটেকশন গ্রুপের কথা শুনে কাজ করেননি। যদিও কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের পালটা বক্তব্য, ভোটের সময় কোনও অফিসার ইচ্ছা করলে তল্লাশি করতেই পারেন। আইনত কাউকে তল্লাশি করতে নিষেধ করা যায় না।
https://twitter.com/INCIndia/status/1118734654746419200
মহম্মদ মহসিন ১৯৯৬ সালের কর্ণাটক ক্যাডারের আইএএস অফিসার। অভিযোগ, তিনি উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানেননি। সম্বলপুর লোকসভা কেন্দ্রের জেনারেল অবজারভার হিসাবে তিনি আচমকা প্রধানমন্ত্রীর কপ্টার তল্লাশি করেন। তাতে প্রধানমন্ত্রীর রওনা হতে ১৫ মিনিট দেরি হয়ে যায়।
নির্বাচন কমিশনের মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়, অভিযুক্ত আইএএস অফিসার ঠিক কোন আইন ভেঙেছেন? মুখপাত্র বলেন, নিয়মমতো এসপিজির লোকজনকে সঙ্গে নিয়ে তাঁর তল্লাশি করা উচিত ছিল। কংগ্রেস টুইট করে বলেছে, মোদীর কপ্টারে এমন কী ছিল যা তিনি দেশের মানুষকে দেখতে দিতে চান না? তাদের দাবি, নির্বাচন কমিশনের বিধিতে কোথাও বলা নেই যে প্রধানমন্ত্রীর কপ্টারে তল্লাশি করা যাবে না।
আপ টুইট করেছে, চৌকিদার সুরক্ষিত কোটরে বাস করেন। চৌকিদার কিছু লুকোতে চাইছেন।