দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালায় আমরা কত কিছুই না করি। সকাল থেকে রাত কেটে যায় পরিশ্রম করে, সে তো একটু খাবারের জন্যই। আসলে সবই তো পাপি পেট কা সওয়াল হ্যায়! তো এ হেন পেট কা সাওয়াল মাথায় রেখে নিজেই নিজেকে খেতে শুরু করে দিল সে!
পেনসিলভেনিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের একটি। সেখানেই ‘ফরগটেন ফ্রেন্ড রেপটাইল স্যাঙচুয়ারি’ থেকে একটি ভিডিয়ো এ মাসের ৯ তারিখে সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে একটি কিং স্নেক নিজেই নিজেকে খাচ্ছে। তার মুখে আস্তে আস্তে তার লেজের অংশ ঢুকে যাচ্ছে। কিন্তু এটা কি স্বাভাবিক? সর্পবিশারদ কৌশিক বলছেন, “সাধারণত এটা একেবারেই হয় না। একটি সাপ অন্য সাপকে খেয়ে নিতেই পারে। কিন্তু নিজে নিজের দেহ কেন খাচ্ছে, সেটা নিয়ে গবেষণা করার জায়গা রয়েছে। তবে সাপ এমন একটা প্রাণী যে তার জ্বালা যন্ত্রণার কথা কোনওভাবেই তো বোঝাতে পারে না। তাই অনেক সময়ে হতে পারে, সে সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে এরকম করে থাকতে পারে। ”
দেখুন ভিডিয়ো
https://www.facebook.com/forgottenfriend/videos/2047733215534817/
পেনসিলভেনিয়ার সেই স্যাঙচুয়ারি থেকে বলা হচ্ছে, এই সাপটি কিছুতেই নিজের দেহ খাওয়া থেকে বিরত হচ্ছিল না। সেখানকার এক উদ্ধারকর্মী রোথাকার বলছেন, গত ১৫ বছরে এরকম অদ্ভুত আচরণ কোনও সাপকে তিনি করতে দেখেননি। তিনি আরও জানাচ্ছেন, সাধারণত সাপেরা নিজেদের দেহ যদিও বা কামড়াতে শুরু করে, তারা হয় তো তখন সেই অংশকে অন্য সাপ ভেবে কামড়াতে শুরু করে। একটু পরেই সেটা ছেড়েও দেয়। কিন্তু এক্ষেত্রে বিষয়টা একেবারেই অন্য। ইতিমধ্যেই এই ভিডিয়ো ৫৫ হাজার ভিউ আর ২০০ এর বেশি শেয়ার হয়ে গেছে।