
গুড়াপে ফরেনসিক দল
শেষ আপডেট: 26 November 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গুড়াপে পৌঁছলেন তিন সদস্যের স্টেট ফরেনসিক ল্যাবরেটরির বিশেষ দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা।
গুড়াপের ঘটনায় হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের পক্ষ থেকে ডিএসপি ডি অ্যান্ড টি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে যে বিশেষ টিম গঠন হয়েছে, সেই টিমকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তাঁরা। সোমবারই গুড়াপের নাবালিকার দেহ ফরেনসিক পরীক্ষার জন্য চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রবিবার সন্ধেবেলা থেকে নিখোঁজ ছিল পাঁচ বছরের শিশুটি। সন্ধে সাড়ে সাতটা নাগাদ মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশী অশোক সিংয়ের বাড়ি থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুড়াপ থানায় খবর যায়। গুড়াপ থানার পুলিশ গ্রামে পৌঁছয়। শিশুটিকে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা জানাজানি হতেই উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। অভিযুক্ত অশোক সিংকে ধরে বেধড়ক মারধর করে গ্রামের মানুষ। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী অশোক সিংয়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ। ঘটনার পর হুগলি জেলার পুলিশ সুপার কামনাশিস সেন,অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ অফিসারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মানুষজন এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন। শিশুটির বাবা জানান, তাঁর মেয়ে মাংস খেতে চেয়েছিল। তাই বাজারে গিয়েছিলেন।বাড়ি ফিরে দেখেন মেয়ে বাড়িতে নেই। খুঁজতে গিয়ে দেখেন প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে মেয়ে। দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে সরব হয়েছে গোটা এলাকা।