
শেষ আপডেট: 16 August 2023 06:55
দ্য ওয়াল ব্যুরো: বৃন্দাবনে (Vrindavan) বাঁকে বিহারী মন্দিরের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল।
মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন মন্দিরের কাছে দোতলা একটি বাড়ির দেওয়াল ও বারান্দা ধসে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে (Vrindavan)। আহত কম করেও ১২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই দেওয়ালের ওপর বসেছিল বেশ কয়েকটি হনুমান। তাদের মধ্যে মারপিঠ চলছিল। সেই সময়েই ভেঙে পড়ে দেওয়ালটি। ভাঙা দেওয়ালের তলায় চাপা পড়ে যান অনেকে।
বাঁকে বিহারী মন্দির (Vrindavan) থেকে মাত্র ১০০ মিটার দূরে স্নেহবিহারী জি মন্দিরের কাছে বৃন্দাবন কোতোয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, এখানে দোসায়াত এলাকায় বিষ্ণু শর্মার একটি পুরনো দোতলা বাড়ি রয়েছে। জানা গেছে, বাড়ির দেওয়ালের একটা অংশ জরাজীর্ণ হয়ে পড়েছিল। ওই দেওয়ালে চড়েই লাফালাফি করছিল হনুমানের দল। তখন সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেওয়ালের তলা থেকে দেহ বের করতে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
https://twitter.com/myogioffice/status/1691475607656529920?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1691475607656529920%7Ctwgr%5Eaaa39defd5381dd4f7b62745abe199e1f5c1b709%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Fup-s-vrindavan-banke-bihari-temple-near-a-house-collapse-5-dead-1001336
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে টুইট করে বলা হয়েছে, "মথুরা জেলার পুরাতন ভবন ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।"