
শেষ আপডেট: 20 November 2023 09:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডে রাজনীতির দখলদারি বহুদিনের। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাত ভাবে যা রাজনীতির প্রভাবমুক্ত বলে দেখা যাচ্ছে, তাও কতটা সত্যি তা নিয়ে পুরোদস্তুর সংশয় রয়েছে। কিন্তু শেষ কবে খেলার ফলাফল নিয়ে এমন রাজনীতি হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই।
রবিবার আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারতেই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। সর্বভারতীয় স্তরে যাঁরা মোদী বিরোধী বলে পরিচিত তাঁদের কেউ কেউ খোলাখুলিই কটাক্ষ করতে নেমে পড়েছেন প্রধানমন্ত্রীকে।
রবিবার ফাইনাল শেষ হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, “ব্রেকিং নিউজ! অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাড়ি ইডি হানা শুরু হয়েছে।”
In other news:
— Mahua Moitra (@MahuaMoitra) November 19, 2023
Ahmedabad Stadium has been renamed - India loses World Cup finals at Jawahar Lal Nehru Cricket Stadium.
And.. pic.twitter.com/oCaD4w6XqK
টুইটে মহুয়া আরও লিখেছেন, আমদাবাদ স্টেডিয়ামের নতুন করে নামকরণ করা হয়েছে। ভারত হেরে যাওয়ার পর নাম দেওয়া হয়েছে, জওহরলাল নেহরু স্টেডিয়াম।
Bad luck our boys in blue … but we still love you . Thanks for a great World Cup.
— Mahua Moitra (@MahuaMoitra) November 19, 2023
Congratulations Australia- you deserved to win today.
আমদাবাদের মোতেরা স্টেডিয়াম সংস্কারের পর নরেন্দ্র মোদীর নামে নামকরণ করার সময় থেকেই বিরোধীরা সমালোচনা করছেন। আবার বিরোধীদের অনেকে বলেন, এ দেশে যা কিছু খারাপ সব জওহরলাল নেহরুর নামে চাপাতে চায় বিজেপি। তাই ভারত হারতেই স্টেডিয়ামের নাম নেহরু নামে নামকরণ করা হয়েছে বলে কটাক্ষ করতে শুরু করেছেন মহুয়ারা।
পর্যবেক্ষকদের একাংশের মতে, বিরোধীদের সমালোচনার সুযোগ করে দিয়েছে বিজেপিই। কারণ, রবিবার ভারত জিতছে ধরে নিয়ে শিবির গোটা ব্যাপারটা রাজনৈতিক ভাবে কাজে লাগানোর চেষ্টা শুরু করে দিয়েছিল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফাইনালও সেখানে। এখনও পর্যন্ত কোনও বিশ্বকাপে একই মাঠে শুরু ও শেষের খেলা হয়নি। রবিবার স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। এই সব মিলিয়েই বিরোধীদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল। হতে পারে সে কারণেই এই সব কটাক্ষ উড়ে আসছে।